সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ট্রিপল হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেট।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে নগরীর উপশহরস্থ সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সাক্ষাৎ করে নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, মর্মান্তিক এ ঘটনায় বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি, সিলেটের সাবেক সভাপতি আব্দুস সাত্তার, তাঁর সহধর্মিণী ও তাঁদের গৃহকর্মী নৃশংসভাবে নিহত হয়েছেন। একই পরিবারের তিনজনকে এভাবে নির্মমভাবে হারানোর ঘটনায় সমিতির নেতৃবৃন্দ গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেন।
স্মারকলিপিতে হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ ও দ্রুত তদন্ত, ঘটনার প্রকৃত কারণ ও নেপথ্যের রহস্য উদঘাটন এবং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে হয়রানির শিকার না হন এবং প্রভাব, ক্ষমতা কিংবা অন্য কোনো কারণে কোনো অপরাধী যাতে ছাড় না পায়, তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
এ ছাড়া তদন্তের অগ্রগতি নিহত পরিবারের স্বজনদের যথাযথভাবে অবহিত করা, দ্রুত তদন্ত শেষ করে আইনানুগভাবে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল এবং আদালতের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়। ভবিষ্যতে সিলেট নগরীতে এ ধরনের নৃশংসতা প্রতিরোধে আবাসিক এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারেরও আহ্বান জানানো হয়েছে।
সমিতির সভাপতি ও সাবেক সিভিল সার্জন ডা. এম. ফয়েজ আহমদ এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ চৌধুরী সুমনের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য এমদাদ হোসেন চৌধুরী, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কবির খান, জামসেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুদ দাইয়ান, সমাজসেবক ও শিক্ষানুরাগী ময়নুল ইসলাম, সৈয়দ নবীব আলী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ কামরুল আনাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এডভোকেট আহমদ রেজা, দপ্তর সম্পাদক মো. রাজ্জাকুজ্জামান চৌধুরী, শিক্ষা সম্পাদক আজমল হোসেন চৌধুরী অয়েস, কার্যনির্বাহী সদস্য ফাত্তাহ বকশী, মাহবুব আহমদ মুক্তা, ইসমত ইবনে ইসহাক সানজিদ প্রমুখ।