সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে নাগরিক কমিটি গঠন এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা আর অনিশ্চয়তায় নয়—১৫ আগস্ট থেকে নতুন উদ্যোগ বিয়ানীবাজারের মডেল মসজিদ: জমি নেই, নাকি সদরের জন্য সদিচ্ছা নেই? ১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর

বিয়ানীবাজারে মডেল মসজিদ সদরেই নির্মাণের দাবিতে ইউএনওকে স্মারকলিপি

  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

“সদরের প্রকল্প সদরেই চাই—উপজেলা শহর এলাকায় মডেল মসজিদ চাই”

বিয়ানীবাজার প্রতিনিধি:
বিয়ানীবাজার উপজেলা সদরের জন্য বরাদ্দকৃত মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উপজেলা সদরেই নির্মাণের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে স্মারকলিপি দিয়েছে “বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ”।

সোমবার (১০ আগস্ট ২০২৬) রাত ৭:৩০ মিনিটের সময় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দ স্মারকলিপিটি হস্তান্তর করেন। এ সময় তারা বিয়ানীবাজার উপজেলা সদরে প্রকল্প বাস্তবায়নের যৌক্তিকতা তুলে ধরে প্রয়োজনীয় প্রশাসনিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

স্মারকলিপি গ্রহণ করে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার বলেন, মডেল মসজিদ একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প। উপজেলা সদরেই প্রকল্পটি বাস্তবায়নের দাবির বিষয়টি তিনি গুরুত্বসহকারে বিবেচনা করবেন। সরকারি নীতিমালা, প্রকল্পের শর্ত, জমির প্রাপ্যতা এবং জনস্বার্থ—সবকিছু বিবেচনা করেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তিনি বলেন, “নাগরিকদের পক্ষ থেকে যে স্মারকলিপি দেওয়া হয়েছে, সেটি আমরা যথাযথ গুরুত্ব দিয়ে দেখব। উপজেলা সদর এলাকায় উপযুক্ত স্থান পাওয়া যায় কি না, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে তা যাচাই করা হবে। এটি একটি সরকারি প্রকল্প। তাই নূন্যতম সময়ের মধ্যে প্রচলিত বিধিবিধান ও সরকারি সিদ্ধান্তের আলোকে সর্বোচ্চ জনস্বার্থ নিশ্চিত করার চেষ্টা করা হবে।”

স্মারকলিপি প্রদানকারী নাগরিক প্রতিনিধিরা এ সময় ইউএনওকে আশ্বস্ত করে বলেন, উপযুক্ত স্থান নির্ধারণ ও প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রশাসনের যেকোনো গঠনমূলক উদ্যোগে তারা সহযোগিতা করতে প্রস্তুত।

স্মারকলিপিতে বলা হয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সারাদেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রকল্প। এর মাধ্যমে ধর্মীয় শিক্ষা, ইসলামিক গবেষণা, হিফজ কার্যক্রম, ইমাম ও হজ প্রশিক্ষণ, ইসলামিক লাইব্রেরিসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সেবার সুযোগ সৃষ্টি করা হচ্ছে।

বিয়ানীবাজার উপজেলার জন্য বরাদ্দকৃত প্রকল্পটি দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত জটিলতার কারণে বাস্তবায়ন না হওয়ায় স্থানীয় নাগরিকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রকল্পটি উপজেলা সদর থেকে অন্যত্র স্থানান্তরের সম্ভাবনা নিয়ে বিভিন্ন আলোচনা ও প্রশ্নের পরিপ্রেক্ষিতে নাগরিক উদ্যোগের পক্ষ থেকে উপজেলা সদরেই প্রকল্প বাস্তবায়নের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উপজেলা পরিষদ চত্বরকে অগ্রাধিকার দিয়ে বর্তমান পুরাতন মসজিদ ও আশপাশের উপযুক্ত সরকারি জায়গা সমন্বয় করে মডেল মসজিদ নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি সদর এলাকার উপজেলা পরিষদ, পৌরসভা, গণপূর্ত অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ ও অন্যান্য সরকারি সংস্থার অধীনস্থ সম্ভাব্য জমি যাচাই, আন্তঃদপ্তর সমন্বয় এবং প্রয়োজনে প্রচলিত আইন অনুযায়ী ভূমি অধিগ্রহণের বিষয়টি বিবেচনার আহ্বান জানানো হয়।

এ ছাড়া উপজেলা সদর থেকে প্রকল্পটি অন্যত্র স্থানান্তরের কোনো প্রস্তাব বা সিদ্ধান্ত হয়ে থাকলে তার নীতিগত, প্রশাসনিক ও আইনগত ভিত্তি স্পষ্ট করার দাবি জানানো হয়েছে। সদর এলাকায় নির্মাণের সম্ভাব্য সব পথ যাচাই ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থানান্তরের সিদ্ধান্ত না নেওয়ারও অনুরোধ জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে নাগরিক উদ্যোগের নেতৃবৃন্দ বলেন, “এটি কোনো ব্যক্তি, রাজনৈতিক দল কিংবা কোনো ইউনিয়ন বা এলাকার বিরুদ্ধে অবস্থান নয়। বিয়ানীবাজারের বৃহত্তর জনস্বার্থ, সরকারি নীতিমালা, সহজ যোগাযোগ এবং সর্বাধিক মানুষের নাগরিক সুবিধা বিবেচনায় উপজেলা সদরেই প্রকল্পটি বাস্তবায়ন করা আমাদের দাবি।”

তারা আরও বলেন, উপজেলা পরিষদ ও পৌরসভা এলাকা বিয়ানীবাজারের প্রধান প্রশাসনিক ও নাগরিক কর্মকাণ্ডের কেন্দ্র। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ সরকারি সেবা গ্রহণের জন্য এখানে আসেন। ফলে উপজেলা সদর বা তার নিকটবর্তী কেন্দ্রীয় স্থানে মডেল মসজিদ নির্মাণ হলে প্রকল্পটির ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক সুবিধা সর্বাধিক মানুষের কাছে পৌঁছানো সম্ভব হবে।

এ সময় “বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ”-এর আহ্বায়ক মো. আতাউর রহমান (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), যুগ্ম আহ্বায়ক নজরুল হোসেন(সাবেক জেলা পরিষদ সদস্য), প্রাক্তন শিক্ষক ফখর উদ্দিন, সদস্যসচিব জমির হোসাইন, শাহেদ আহমদ (সম্পাদক, পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি), ছয়ফুল আলম ঝুনু (সাবেক প্যানেল মেয়র), মো. আলাল উদ্দিন (সুপাতলা) ও জাকির হোসাইন (ফতেহপুর), মো. জিলা মিয়া (খাসা বিলবাড়ী), দেলওয়ার হোসেন (শ্রীধরা), রায়হান আলম সাজু (পণ্ডিতপাড়া) সহ কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৯ আগস্ট পঞ্চখণ্ড গোলাবিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত নাগরিক মতবিনিময় সভায় “বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ” গঠন করা হয়। সভায় সিদ্ধান্ত অনুযায়ী আজ উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হলো।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews