শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ “আগে যোগ-বিয়োগ ও বাংলা পড়া শিখান, না পারলে ব্যবস্থা” — প্রাথমিক শিক্ষায় প্রতিমন্ত্রীর এক মাসের আল্টিমেটাম পঞ্চখণ্ড হরগোবিন্দ বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘিরে উত্তাল বিয়ানীবাজার গ্রামের রাজনৈতিক লোডশেডিং ও লৌকিকতা ২০২৭ সালের হজ নিবন্ধন শুরু: আবেদন চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, স্বাস্থ্যগত কারণে ৭ শ্রেণির ব্যক্তি হজে যেতে পারবেন না জালালাবাদ অ্যাসোসিয়েশন নির্বাচন ৩১ জুলাই : সিলেটে তোফায়েল খানের ভোট প্রার্থনা শ্রীধরা জনমঙ্গল সমিতি শক্তিশালী হলে শক্তিশালী হবে গ্রাম: কৃতী সন্তান ড. খালেদ আহমেদ জাতীয় স্বীকৃতির আনন্দে মুখর খাসা: এমপি এমরানের একাধিক উন্নয়ন প্রতিশ্রুতি জনসংখ্যা দ্বিগুণ, জনবল সেই ১৯৮৪-এর: সংকটে বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্স

গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নতুন প্রজন্মকে আদর্শবান ও শিক্ষানুরাগী হিসেবে গড়ে তোলার আহ্বান| এমরান আহমদ চৌধুরী, এমপি 

নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার:

বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের উদ্যোগে এক ভাবগম্ভীর পরিবেশে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার চারজন প্রয়াত গুণী ব্যক্তিত্বের শিক্ষা, সমাজসেবা, রাজনীতি, মুক্তিযুদ্ধ ও ক্রীড়াঙ্গনে অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

সংগঠনের সভাপতি সহযোগী অধ্যাপক ফয়সাল আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিলাল উদ্দিন ও সহসভাপতি রমিজ উদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের এ আয়োজন শুধু চারজন গুণী ব্যক্তিত্বকে স্মরণই করেনি, বরং সমগ্র বিয়ানীবাজারবাসীকে সম্মানিত করেছে। তিনি বলেন, তাঁদের কর্মময় জীবন থেকে বর্তমান ও আগামী প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে। এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগের জন্য তিনি সংগঠনের নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

তিনি বলেন, শিক্ষাবিদ ললিত মোহন বিশ্বাসের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক স্কুল ভবন। তাঁর সেই শেষ ইচ্ছা পূরণের কাজ এখন বাস্তবায়নের পথে। মুক্তিযোদ্ধা ও রাজনীতিবিদ পংকি ভাইকে দেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগ ও আদর্শ জাতির জন্য প্রেরণার উৎস। ক্রীড়াবিদ আব্দুল মুকিত খানের অবদান স্মরণ করে তিনি বলেন, তাঁর দেখানো পথ অনুসরণ করে বিয়ানীবাজারের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে হবে। পাশাপাশি প্রবাসীদের কল্যাণে কাজ করা এবং সন্তানদের মধ্যে স্বপ্ন, আদর্শ ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার বলেন, স্মরণীয় চার ব্যক্তিত্বের মধ্যে শিক্ষাবিদ ললিত মোহন বিশ্বাসের সঙ্গে স্কাউট কার্যক্রমের মাধ্যমে তাঁর পরিচয়ের সুযোগ হয়েছিল। তিনি ছিলেন শৃঙ্খলাপরায়ণ, আদর্শবান ও নিবেদিতপ্রাণ শিক্ষানুরাগী। সমাজের গুণীজনদের জীবন ও কর্ম নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় বক্তব্য দেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ রেজা, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, শিক্ষাবিদ ও লেখক আতাউর রহমান, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক ভিপি জাকির হোসেন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক অসীম কান্তি তালুকদার, সিলেট জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, জেলা বিএনপির আন্তর্জাতিক শ্রম বিষয়ক সম্পাদক আবু নাসের পিন্টু, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সম্পাদক মো. গিয়াস উদ্দিন, রোটারি ক্লাব অব বিয়ানীবাজারের সভাপতি আব্দুস শুকুর বাবলু, সংগঠনের সহসভাপতি রুহুল আলম জালাল, কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং তথ্য, যোগাযোগ ও ক্রীড়া সম্পাদক রুমেনুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন হাফিজ মাওলানা বুরহান উদ্দিন আহমেদ। অতিথিদের উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়। পরে সংসদ সদস্যের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন রুমেনা বেগম। অনুষ্ঠানে স্মরণিকা প্রকাশের অংশ হিসেবে এর মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে মাওলানা কামাল হোসেন মাথহুরী দোয়া পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোলাবিয়া পাবলিক লাইব্রেরি সচিব শাহেদ আহমদ, পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক কবির আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুছ সবুর, বিয়ানীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সিলেট জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন, শ্রীধরা জনমঙ্গল সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা গুলজার আহমদ রাহেল, বিএনপি নেতা শামীম আহমদসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews