Eng
সারা দেশ

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ | ৮:৫২ পূর্বাহ্ণ



পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : দেশের বাজারে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। নতুন মূল্য ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত দরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, কেরোসিন ১৫৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং অকটেন ১৬৫ টাকায় বিক্রি হচ্ছে। রোববার (২০ সেপ্টেম্বর) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

এর আগে এপ্রিলের মাঝামাঝি আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য ও পরিবহন ব্যয় বাড়ার প্রেক্ষাপটে ডিজেলের দাম ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, পেট্রোল ১৯ টাকা এবং অকটেন ২০ টাকা বাড়ানো হয়। পরে জুনে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম আরও ৫ টাকা করে বাড়ানো হয়েছিল।

সর্বশেষ মূল্যবৃদ্ধির ফলে ফেব্রুয়ারির দরের তুলনায় ডিজেলের দাম ৩৫ টাকা, কেরোসিন ৪৩ টাকা, পেট্রোল ৪৪ টাকা এবং অকটেন ৪৫ টাকা বেড়েছে। ফেব্রুয়ারিতে এসব জ্বালানির দাম ছিল যথাক্রমে ১০০, ১১২, ১১৬ ও ১২০ টাকা।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আন্তর্জাতিক বাজারের পুরো মূল্যবৃদ্ধি দেশে সমন্বয় করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান করেছে। মূল্য সমন্বয়ের অন্যতম কারণ হিসেবে এই আর্থিক চাপের কথাও উল্লেখ করা হয়েছে।

জ্বালানি তেলের নতুন দর কার্যকর হওয়ায় পরিবহন, কৃষি, শিল্প ও পণ্য সরবরাহ ব্যয়ে চাপ বাড়ার আশঙ্কা রয়েছে। এর প্রভাব পরিবহন ভাড়া ও বিভিন্ন পণ্যের বাজারদরে কতটা পড়ে, তা আগামী দিনগুলোতে স্পষ্ট হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ২০২৪ সালের মার্চে দেশে স্বয়ংক্রিয় মাসিক জ্বালানি মূল্য নির্ধারণ পদ্ধতিও চালু করা হয়েছিল।