
সোমবার (৩ আগস্ট) দুপুরে তিনি হাসপাতাল প্রাঙ্গণে গিয়ে প্রস্তাবিত নির্মাণস্থল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে প্রকল্পের সম্ভাবনা, প্রয়োজনীয়তা ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত হন।
পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের হলরুমে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি এমরান আহমদ চৌধুরী বলেন, বিয়ানীবাজারের বিপুল জনগোষ্ঠীর জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করা এখন সময়ের অপরিহার্য দাবি। নতুন ভবন নির্মাণের কাজ দ্রুত শুরু করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
তিনি বলেন, শুধু অবকাঠামো উন্নয়ন নয়, হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর দীর্ঘদিনের জনবল সংকট নিরসনেও উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাস্থ্যকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের শেষ ভরসাস্থল। তাই দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানবিক আচরণের মাধ্যমে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আসজাদ, জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. আহমদ রেজা, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নজমুল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম. কাদির।
সভায় হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসা সরঞ্জাম বৃদ্ধি, জনবল নিয়োগ এবং স্বাস্থ্যসেবার সামগ্রিক মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। স্থানীয়দের প্রত্যাশা, ১০০ শয্যায় উন্নীতকরণের কাজ বাস্তবায়িত হলে বিয়ানীবাজারসহ আশপাশের এলাকার কয়েক লাখ মানুষ উন্নত চিকিৎসাসেবার সুফল ভোগ করবেন।