
আব্দুদ দাইয়ান, বিশেষ প্রতিবেদক:
সিলেটে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের সংগঠনকে আরও শক্তিশালী করে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে চাকরি জাতীয়করণের আহ্বান জানিয়েছেন সংগঠনের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
৪ জুলাই ( শনিবার ) সিলেট জেলা পরিষদ হলরুমে বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টের নবনির্বাচিত সদস্য-সচিব ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বর্তমান শিক্ষক নিয়োগ ব্যবস্থা পুনর্বিবেচনা করে এনটিআরসিএর মাধ্যমে নিয়োগের পরিবর্তে সংক্ষিপ্ত প্রক্রিয়ায় পিএসসির মাধ্যমে শিক্ষক নিয়োগের বিষয়টি বিবেচনা করা প্রয়োজন। একই সঙ্গে শিক্ষা প্রশাসনে কমিটির মাধ্যমে নিয়োগের ব্যবস্থারও আহ্বান জানান তিনি। তিনি সময়োপযোগী ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পাওনা অর্থ পরিশোধে দীর্ঘসূত্রিতার জন্য আমলাতান্ত্রিক জটিলতা দায়ী। এ জটিলতা দূর করে দ্রুত পাওনা পরিশোধ নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জনাব জাকির হোসেন। তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের চাকরি জাতীয়করণের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। তিনি সরকারি শিক্ষকদের বেসরকারি বিদ্যালয়ে প্রেষণে নিয়োগের বিরোধিতা করেন এবং চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে প্রধান শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর করার দাবি জানান।
সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সদস্য-সচিব এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সদস্য অধ্যক্ষ মো. নিজাম উদ্দিন তরফদার, বেসরকারি শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন এবং বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব অধ্যক্ষ মো. ইউসুফ আলী।
সংবর্ধিত অতিথিরা বলেন, অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পরিশোধে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করা হবে। প্রয়োজনীয় সরকারি অনুমোদন সাপেক্ষে শিগগিরই প্রায় ১০ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর পাওনা অর্থ আনুষ্ঠানিকভাবে পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত বকেয়া দাবিগুলো ধাপে ধাপে নিষ্পত্তির পরিকল্পনার কথাও জানান তারা।
শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিলেটের সভাপতি অধ্যাপক মো. ফরিদ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি বদরুজ্জামান সেলিম। অনুষ্ঠানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট, বিয়ানীবাজার উপজেলা শাখার সচিব শামীম আহমদসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।