নিজস্ব প্রতিবেদক: বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়ায় নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপস্থাপিত খসড়াটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে খসড়াটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রস্তাবিত আইনে র্যাবের পরিবর্তে পুলিশের অধীনে এসআরবি প্রতিষ্ঠার বিধান রাখা হয়েছে। একই সঙ্গে সাধারণ নাগরিকদের অভিযোগ এবং ইউনিটের সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ ও সংক্ষোভ নিষ্পত্তির জন্য একটি বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে।
খসড়া আইনে র্যাবের বিদ্যমান জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব ও সুযোগ-সুবিধার পাশাপাশি তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ড এবং সংশ্লিষ্ট অন্যান্য সম্পদ এসআরবির কাছে হস্তান্তরের বিধান রাখা হয়েছে।
এ ছাড়া নতুন বিধিমালা কার্যকর না হওয়া পর্যন্ত র্যাব-সংক্রান্ত বিদ্যমান বিভাগীয় কার্যধারার বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনের মাধ্যমে বহাল রাখার ব্যবস্থাও রাখা হয়েছে।
সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা মনে করছেন, প্রস্তাবিত আইনের মাধ্যমে বিশেষায়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী ইউনিটের কাঠামো আরও সুস্পষ্ট হবে। পাশাপাশি নতুন ইউনিটের কার্যক্রমে জবাবদিহি, অভিযোগ নিষ্পত্তি ও প্রাতিষ্ঠানিক নজরদারির কাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্য রয়েছে সরকারের।