Eng
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

বিয়ানীবাজারে এমপির সঙ্গে জনগণের যোগাযোগে ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন 

প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৪৮ পূর্বাহ্ণ



বিয়ানীবাজার প্রতিনিধি: বিয়ানীবাজারবাসীর সরকারি সেবা প্রাপ্তি ও স্থানীয় জনপ্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ সহজ করতে উপজেলা পরিষদ ভবনের নিচতলায় বিশেষ ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে প্রধান অতিথি হিসেবে কক্ষটির উদ্বোধন করেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উদ্বোধনকালে এমরান আহমদ চৌধুরী বলেন, তৃণমূলের মানুষের সেবা সহজলভ্য করা জনপ্রতিনিধিদের দায়িত্ব। পরিদর্শন কক্ষ চালুর ফলে সাধারণ মানুষ তাদের সমস্যা, প্রয়োজন ও উন্নয়নসংক্রান্ত বিষয় নিয়ে এমপির সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। এর মাধ্যমে প্রশাসন ও জনগণের মধ্যে যোগাযোগ আরও কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভায় অংশ নেন সংসদ সদস্য। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদারের সভাপতিত্বে পৃথক সভায় উপজেলা প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দায়িত্বশীলরা অংশ নেন। সভায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সড়ক যোগাযোগ, শিক্ষা ও যানজটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

সভায় এমরান আহমদ চৌধুরী বলেন, কোনো রাজনৈতিক দলের পরিচয় ব্যবহার করে অন্যায় করা যাবে না। জনগণকে কষ্ট দেওয়া কিংবা তাদের মতামতের বিরুদ্ধে যাওয়া যাবে না।

সড়ক যোগাযোগ উন্নয়নে চলমান বিভিন্ন প্রকল্পের উল্লেখ করে তিনি বলেন, কুশিয়ারা নদীর শিকপুর-বহরগ্রাম সেতু নির্মিত হলে সিলেটের সঙ্গে বিয়ানীবাজারের যোগাযোগের দূরত্ব ও সময় কমে আসবে।

প্রবাসীদের দেশের উন্নয়নে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে বিনিয়োগ ও অর্থায়নে প্রবাসীদের অংশগ্রহণের উপযোগী পরিবেশ তৈরিতে সরকার কাজ করবে। সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং মাদকের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বিষয়ও তুলে ধরা হয়।