রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

জাতীয় সেরা খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়: ১৫ জুলাই প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

বিয়ানীবাজার প্রতিনিধি, পঞ্চখণ্ড আই : সিলেটের বিয়ানীবাজার উপজেলার খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ‘প্রাথমিক শিক্ষা পদক-২০২৬’-এর চূড়ান্ত ফলাফলে এ গৌরব অর্জন করেছে বিদ্যালয়টি। এর মাধ্যমে বিয়ানীবাজারসহ সমগ্র সিলেট অঞ্চলের প্রাথমিক শিক্ষা নতুন এক মর্যাদাপূর্ণ স্বীকৃতি লাভ করল।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শিক্ষার গুণগত মান উন্নয়ন, কার্যকর শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, সহশিক্ষা কার্যক্রমে ধারাবাহিক সাফল্য, দক্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ এবং শিক্ষার্থীদের বহুমুখী অর্জনের সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের এ সম্মান অর্জন করেছে বিদ্যালয়টি।

আগামী ১৫ জুলাই রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বিজয়ীদের হাতে তুলে দেবেন। ওই অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষেও এ সম্মানজনক পদক গ্রহণ করা হবে।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, শ্রীধরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, লেখক ও সমাজচিন্তক মো. আতাউর রহমান বলেন, “জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং পুরো অঞ্চলের শিক্ষাব্যবস্থা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। এ অর্জন অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানকেও গুণগত শিক্ষা নিশ্চিত করতে আরও অনুপ্রাণিত করবে।”

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফছা বেগম এ অর্জনকে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও স্থানীয় জনগণের সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই স্বীকৃতি বিদ্যালয়ের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশে নিরলসভাবে কাজ অব্যাহত থাকবে।

বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, “জাতীয় পর্যায়ের এ সম্মান বিয়ানীবাজারের জন্য গর্বের বিষয়। এটি প্রমাণ করে, আন্তরিক নেতৃত্ব, সুশাসন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা গেলে প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে।” তিনি এ অর্জনকে ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সাফল্যে বিয়ানীবাজারজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে। স্থানীয় শিক্ষাবিদদের অভিমত, জাতীয় পর্যায়ের এ স্বীকৃতি শুধু একটি প্রতিষ্ঠানের অর্জন নয়; বরং এটি বিয়ানীবাজারের শিক্ষা অঙ্গনের সক্ষমতা ও সম্ভাবনার প্রতীক, যা ভবিষ্যতে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews