
২৫ আগস্ট উপজেলা কনফারেন্স হলে মতবিনিময়—সবার উপস্থিতি কামনা
সিলেট থেকে নিজস্ব প্রতিনিধি: বিয়ানীবাজার উপজেলা সদর এলাকায় মডেল মসজিদ নির্মাণের দাবিতে চলমান নাগরিক উদ্যোগের ধারাবাহিকতায় সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী-এর সঙ্গে নাগরিক উদ্যোগের প্রতিনিধি দলের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২৩ আগস্ট ২০২৬ দুপুর সাড়ে ১২টায় সিলেটে সংসদ সদস্যের সঙ্গে পূর্বনির্ধারিত এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে বিয়ানীবাজার উপজেলা সদর এলাকায় মডেল মসজিদ নির্মাণের দাবির যৌক্তিকতা, স্থানীয় জনমত, সম্ভাব্য স্থান এবং নাগরিক উদ্যোগের অবস্থান তুলে ধরা হয়। একই সঙ্গে বিষয়টি বাস্তবায়নে সংসদ সদস্যের কার্যকর সহযোগিতা ও প্রয়োজনীয় উদ্যোগ কামনা করা হয়।
প্রতিনিধি দলে ছিলেন—মো. আতাউর রহমান (আহ্বায়ক), জমির হোসাইন (সচিব), হুমায়ুন কবীর আকিল (যুগ্ম সচিব), মো. জাকির হোসেন (সদস্য) ও রায়হান আলম সাজু (সদস্য)।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলের বক্তব্য ও জনগণের দাবির প্রেক্ষাপটে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আগামী মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, বিয়ানীবাজার উপজেলা কনফারেন্স হলে “বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ” কমিটি ও উপজেলা সদরের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানান।
নেতৃবৃন্দ আশা করেন, এ মতবিনিময় সভায় আলোচনার মাধ্যমে সরকারি গাইডলাইন, জনস্বার্থ ও বাস্তবতার আলোকে একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তের পথ তৈরি হবে।
এদিকে “বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ বাস্তবায়ন নাগরিক উদ্যোগ”-এর আহ্বায়ক মো. আতাউর রহমান আগামী ২৫ আগস্টের মতবিনিময় সভায় কমিটির সকল দায়িত্বশীল সদস্য, উপজেলা সদরের ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “এটি কোনো ব্যক্তি, দল বা এলাকার বিরুদ্ধে কোনো অবস্থান নয়। আমাদের লক্ষ্য হলো সরকারি গাইডলাইন, জনস্বার্থ ও সর্বাধিক নাগরিক সুবিধার ভিত্তিতে মডেল মসজিদ প্রকল্পের দ্রুত ও সুষ্ঠু বাস্তবায়ন। তাই আগামী মতবিনিময়ে সবাইকে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানাই।”