
বিয়ানীবাজার উপজেলার শ্রীধরার কৃতী সন্তান, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক ও কমিউনিটি ব্যক্তিত্ব, আমেরিকার ডাউন স্টেট ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ডা: মাহফুজুর রহমান খালেদ-এর পিত্রালয়ে আজ বাদ মাগরিব শ্রীধরা জনমঙ্গল সমিতির নেতৃবৃন্দ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সৌজন্য সাক্ষাৎকালে ডা: মাহফুজুর রহমান খালেদ বলেন, “গ্রামে ঐক্য থাকলে তার ইতিবাচক প্রভাব প্রবাসীদের মাঝেও পড়ে। শ্রীধরা জনমঙ্গল সমিতি গ্রামের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। এই সমিতি শক্তিশালী হলে গ্রামবাসীও শক্তিশালী হবে, ইনশা আল্লাহ।”
তিনি আরও বলেন, “সবার আগে শ্রীধরা গ্রাম। গ্রামের ঐক্যের বিপরীতে প্রবাসীরা কখনোই নেই। গ্রামের সকল উন্নয়ন কর্মকাণ্ডে প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে। শ্রীধরা জনমঙ্গল সমিতির স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হলে আমরা প্রবাসীরা সম্মিলিতভাবে বসে আপনাদের হাতকে শক্তিশালী করবো।”
ড. খালেদ আশাবাদ ব্যক্ত করে বলেন, “সমিতি শক্তিশালী হলে গ্রামের সকল আর্থসামাজিক প্রতিষ্ঠানেও গতির সঞ্চার হবে।”
এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আতাউর রহমান বলেন, “আজ আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের দিন। ড. খালেদ আহমেদ তাঁর মেধা, কর্মনিষ্ঠা ও মানবসেবার মাধ্যমে যুক্তরাষ্ট্রে শ্রীধরার নাম উজ্জ্বল করেছেন। তাঁর সাফল্য নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা।”
তিনি আরও বলেন, “শ্রীধরা জনমঙ্গল সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে একটি স্থায়ী ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি। প্রবাসী শ্রীধরাবাসীর সহযোগিতা, পরামর্শ ও পৃষ্ঠপোষকতায় এ মহতী উদ্যোগ একদিন সফল হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।”
সাক্ষাতে উপস্থিত সকলেই শ্রীধরা জনমঙ্গল সমিতির স্থায়ী ভবন নির্মাণসহ গ্রামের সার্বিক উন্নয়নে দেশে-বিদেশে অবস্থানরত শ্রীধরাবাসীর ঐক্যবদ্ধ অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে ড. খালেদ আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন উপদেষ্টা সদস্য মো. আতাউর রহমান (অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক), সাবেক কমিশনার ফখরুল ইসলাম, আবু বকর আবু, সাবেক কাউন্সিলর হাফিজ এমাদ আহমদ, শ্রীধরা জনমঙ্গল সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক গুলজার আহমদ রাহেল এবং কাওছার আহমদ সুমন।
এছাড়াও উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, শাহ আলম, আব্দুর রউফ, আব্দুল মন্নান, আবুল হোসেন, রাজু আহমদ, মুরাদ আহমদ, আব্দুল কাইয়ুম, মিনহাজ আহমদসহ শ্রীধরা জনমঙ্গল সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। —বিজ্ঞপ্তি