
দশ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু সাময়িক বরখাস্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুন) স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
একই সঙ্গে কেন তাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা যায়, বিনা অনুমতিতে দীর্ঘদিন অনুপস্থিত থাকা এবং বিদেশে অবস্থানের অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। গত ১৮ মার্চ তিনি কাউকে অবহিত না করে দেশত্যাগ করেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ বিষয়ে সিলেটের জেলা প্রশাসক স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ একটি প্রতিবেদন পাঠান। প্রতিবেদনে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তার মতামতের ভিত্তিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪)(জ) ধারা অনুযায়ী চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। ওই ধারায় চেয়ারম্যান বা সদস্যকে সাময়িক বরখাস্ত কিংবা চূড়ান্তভাবে অপসারণের বিধান রয়েছে।
সম্প্রতি কানাডা থেকে দেশে ফিরলেও চেয়ারম্যানের দায়িত্ব পালন নিয়ে জটিলতা সৃষ্টি হয়। বর্তমানে প্যানেল চেয়ারম্যান-১ মনিরুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বিয়ানীবাজারের দুটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়। তাদের মধ্যে আলীনগর ইউপির চেয়ারম্যান আহবাবুর রহমান খান শিশু এবং মাথিউরা ইউপির চেয়ারম্যান আমান উদ্দিন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছিলেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।