বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বিয়ানীবাজারবাসী

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
বিয়ানীবাজার উপজেলায় সাম্প্রতিক সময়ে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ গ্রাহকরা। স্থানীয়দের অভিযোগ, প্রতি আধা ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে এবং অনেক ক্ষেত্রে দুই ঘণ্টা বা তারও বেশি সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে। ফলে জনজীবন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা কার্যক্রম এবং দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, দিনের পাশাপাশি রাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। প্রচণ্ড গরমে বিদ্যুৎ না থাকায় শিশু, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন। ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়ার কারণে বৈদ্যুতিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।

ব্যবসায়ীরা অভিযোগ করেন, বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহের কারণে দোকানপাট ও ক্ষুদ্র ব্যবসা পরিচালনা কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে ফ্রিজ, কম্পিউটার ও ইলেকট্রনিক যন্ত্রনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলো আর্থিক ক্ষতির মুখে পড়ছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের ভাষ্য, সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় লেখাপড়া ব্যাহত হচ্ছে। অনলাইনভিত্তিক কাজ ও যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়দের মতে, বিদ্যুৎ সরবরাহের এই অনিয়মিত অবস্থা অনেকটা ‘ভানুমতীর খেলা’র মতো হয়ে দাঁড়িয়েছে। কখন বিদ্যুৎ থাকবে আর কখন থাকবে না—এ বিষয়ে কোনো পূর্বঘোষণা বা নির্দিষ্ট সময়সূচি না থাকায় ভোগান্তি আরও বেড়েছে।

এ অবস্থায় দ্রুত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন বিয়ানীবাজারবাসী। পাশাপাশি ঘন ঘন লোডশেডিংয়ের প্রকৃত কারণ জানিয়ে জনসাধারণকে অবহিত করারও দাবি জানিয়েছেন তারা।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews