
পঞ্চখণ্ড আই ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে বিয়ানীবাজারে সতর্ক অবস্থান নিয়েছে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো। একইসঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে থানা পুলিশ।
দলীয় সূত্রে জানা গেছে, কথিত কর্মসূচি প্রতিহত করতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা সদরসহ গুরুত্বপূর্ণ সড়ক ও অলিগলিতে অবস্থান নেবেন। এ লক্ষ্যে জেলা পর্যায় থেকে উপজেলা ও পৌর ইউনিটের নেতৃবৃন্দকে সতর্কতামূলক নির্দেশনা পাঠানো হয়েছে।
প্রেরিত চিঠিতে সাংগঠনিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের কথা উল্লেখ করে বলা হয়, কোনো ইউনিটের শিথিলতা, নিষ্ক্রিয়তা বা দায়িত্ব পালনে অবহেলা পরিলক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিয়ানীবাজার উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বলেন, “বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থাকবে। নিষিদ্ধ কোনো সংগঠন বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা করলে তার সমুচিত জবাব দেওয়া হবে।”
উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফয়েজ আহমদ বলেন, “সাংগঠনিক নির্দেশনা অনুযায়ী আমরা মাঠে থাকব। কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না।”
সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ান আহমদ বলেন, “দলের নেতাকর্মীরা সর্বদা গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ছিল। কেউ আইনশৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।”
অন্যদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক জানান, গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট বসানো হবে। পাশাপাশি যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি জোরদার করা হবে, যাতে কোনো বহিরাগত বা দুষ্কৃতকারী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে।
তিনি বলেন, “উপজেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”