শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
১০ আগস্ট এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা ঘুষখোরের শাসন ও লুটেরার রাজত্ব: নাগরিক কি শুধু দর্শক? ইউপি নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিভ্রান্তি: গুজবের আড়ালে কী বলছে আইন ‘৫ আগস্ট গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দিন, বিজয়ের দিন’ — প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের দুই বছর: প্রত্যাশা, প্রাপ্তি নাকি অপূর্ণতার হিসাব? বিয়ানীবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ১০০ শয্যার নতুন ভবনের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন এমপি এমরান চৌধুরীর দুই দশক ধরে মৃত শিক্ষকের পরিচয়ে সরকারি বেতন উত্তোলনের অভিযোগ: তদন্তের মুখে জামায়াত নেতা আকাদ্দস সিরাজুল ইসলাম : পঞ্চখণ্ডের গর্ব, ইতিহাসের আলোকবর্তিকা গুণীজনদের স্মরণে বিয়ানীবাজার সোস্যাল অর্গেনাইজেশনের ভাবগম্ভীর স্মরণসভা ইতিহাসের মুখোমুখি: আগস্টের আয়নায় বাংলাদেশ

সিলেট-৬ আসনে প্রতীক, প্রতিশ্রুতি, আঞ্চলিকতা ও ‘নীরব ভোটের’ অঙ্কে জমজমাট নির্বাচনী মাঠ

  • প্রকাশিত: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৫৯ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই অনুসন্ধানী প্রতিবেদন:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট-৬ (গোলাপগঞ্জ–বিয়ানীবাজার) আসন পরিণত হয়েছে উত্তপ্ত রাজনৈতিক হটস্পটে। প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীদের দৌড়ঝাঁপ, কর্মীদের তৎপরতা আর ভোটার টানার বহুমুখী কৌশলে পুরো এলাকা যেন এক নির্বাচনী নাট্যমঞ্চে রূপ নিয়েছে। দিন যত গড়াচ্ছে, প্রতিদ্বন্দ্বিতার উত্তাপ ততই বাড়ছে।

হাট-বাজার, পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম—সবখানেই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে: শেষ পর্যন্ত কার পাল্লা ভারী হবে?
ধানের শীষ, দাঁড়িপাল্লা, ট্রাক, হেলিকপ্টার ও লাঙ্গল—পাঁচ প্রতীকের পাঁচ ভিন্ন বার্তা ও কৌশলে মুখর হয়ে উঠেছে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার।

মাঠের চিত্র: দৃশ্যমান প্রচারণা আর নীরব হিসাব

ভোর থেকে গভীর রাত পর্যন্ত মাইকিং, লিফলেট বিতরণ, উঠান বৈঠক ও পথসভায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের অনুসারীরা। কোথাও উন্নয়নের প্রতিশ্রুতি, কোথাও পরিবর্তনের আহ্বান, আবার কোথাও ধর্মীয় ও নৈতিক রাজনীতির ভাষ্য—ভোটার মন জয়ের প্রতিযোগিতা চলছে সমানতালে।
দুই উপজেলাজুড়ে ব্যানার-বিলবোর্ডে ছয়লাব, নির্বাচনী অফিসগুলোতে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। একাধিক সূত্র জানায়, প্রকাশ্য প্রচারণার পাশাপাশি ওয়ার্ডভিত্তিক ভোট, প্রভাবশালী ভোটারদের অবস্থান ও নীরব সমর্থনের অঙ্ক কষার হিসাব-নিকাশেও পিছিয়ে নেই কেউ।

প্রার্থী ও প্রতীকের সমীকরণ

সিলেট-৬ আসনে এবারের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন— বিএনপি মনোনীত এডভোকেট এমরান আহমদ চৌধুরী (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত মোহাম্মদ সেলিম উদ্দিন (দাঁড়িপাল্লা), গণঅধিকার পরিষদ মনোনীত এডভোকেট জাহিদুর রহমান (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী হাফিজ মাওলানা মুহাম্মদ ফখরুল ইসলাম (হেলিকপ্টার), জাতীয় পার্টি মনোনীত আব্দুন নূর (লাঙ্গল)।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লড়াইয়ের মূল কেন্দ্র ধানের শীষ হলেও অন্য প্রতীকগুলোও নিজেদের শক্ত ঘাঁটি গড়ে তুলতে মরিয়া। বিশেষ করে নতুন ভোটার ও নিরপেক্ষ ভোটারদের সিদ্ধান্তই শেষ মুহূর্তে সমীকরণ বদলে দিতে পারে।

আঞ্চলিকতা: নীরব কিন্তু প্রভাবশালী ফ্যাক্টর

এ নির্বাচনে আলোচনায় রয়েছে আঞ্চলিক সমীকরণও। ধানের শীষের প্রার্থীর বাড়ি গোলাপগঞ্জ উপজেলায়, আর বাকি চার প্রার্থীর বাড়ি বিয়ানীবাজার উপজেলায়। স্থানীয় পর্যায়ে এই বিষয়টি ভোটের অঙ্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে। তবে শেষ পর্যন্ত ভোটাররা আঞ্চলিকতা, প্রতীক না কি প্রতিশ্রুতি—কোনটিকে প্রাধান্য দেন, সেটিই এখন বড় প্রশ্ন।

নিষিদ্ধ সংগঠনের সম্ভাব্য প্রভাব: গোপন ভোটের অঙ্ক

প্রকাশ্য প্রচারণার বাইরে আরেকটি সংবেদনশীল আলোচ্য বিষয় হলো—নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শে প্রভাবিত ভোটব্যাংক। তারা প্রকাশ্যে কোনো কর্মসূচি বা অবস্থান নিতে না পারলেও স্থানীয় পর্যায়ে তাদের সমর্থক ও সহানুভূতিশীল ভোটারদের উপস্থিতি পুরোপুরি অস্বীকার করা যাচ্ছে না বলে মত বিশ্লেষকদের।

আশঙ্কা করা হচ্ছে, এই ভোট একটি নির্দিষ্ট প্রতীকে সরাসরি না গিয়ে কৌশলগতভাবে বিভক্ত বা নীরব সমর্থনের মাধ্যমে ফলাফলে প্রভাব ফেলতে পারে। প্রতিদ্বন্দ্বিতা যদি হাড্ডাহাড্ডি হয়, তবে এই ‘নীরব ভোট’ই শেষ পর্যন্ত ফ্যাক্টর হয়ে উঠতে পারে।

নিরাপত্তা বিশ্লেষকদের মতে, নিষিদ্ধ সংগঠনের সরাসরি অংশগ্রহণ না থাকলেও তাদের অতীত সাংগঠনিক নেটওয়ার্ক ও সামাজিক প্রভাববলয় ভোটের অঙ্কে প্রভাব ফেলতে সক্ষম। তবে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে যেকোনো ধরনের অনিয়ম বা প্রভাব বিস্তারের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

তাই সিলেট-৬ আসনের নির্বাচন কেবল পাঁচ প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা নয়; এটি প্রতীক, আঞ্চলিকতা, রাজনৈতিক বার্তা, সংগঠনের শক্তি এবং নীরব ভোটব্যাংকের সম্মিলিত পরীক্ষা। কে এগিয়ে, কে পিছিয়ে—সে হিসাব দেবে সময়ই। তবে একটি বিষয় নিশ্চিত, এবারের নির্বাচন সিলেট-৬–এ হবে কৌশলী, হিসাবি এবং শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনাপূর্ণ।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews