1. news@panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই : পঞ্চখণ্ড আই
  2. info@www.panchakhandaeye.com : পঞ্চখণ্ড আই :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
হজ্বযাত্রীদের মাঝে কামাল মাতহুরী রচিত “যিয়ারতে হারামাইন” বই বিতরণ ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত একজন আজীবন স্কাউটার শ্রী লালিত মোহন বিশ্বাসের মৃত্যুতে শোক ফেসবুক পোস্ট ঘিরে বিয়ানীবাজারে আলোচনা বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদানের প্রস্তুতি সভা সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন: ৪৬৩৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর সূচনা বিয়ানীবাজারে বাইতুস সালাম জামে মসজিদের পুনঃনির্মাণে ৭০ লক্ষ টাকার আশ্বাস—এম সাব উদ্দিন শ্রমের মর্যাদা ও ন্যায্য অধিকার—মে দিবসের অঙ্গীকার অবসর সুবিধা বোর্ডে স্বচ্ছতা কোথায়—প্রাপ্যতার ন্যায্যতা প্রশ্নের মুখে বিয়ানীবাজারে ইটালী পাঠানোর নামে ১০ কোটি টাকা হাতিয়ে আত্মগোপনে দুই ভাই: পাল্টাপাল্টি মামলা, তদন্তে পুলিশ কনকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

সিলেট -৬: “নিরপেক্ষ ভোটই গণতন্ত্রের বাস্তব পরিবর্তন আনতে পারে” : ট্রাক প্রতীকের প্রার্থী এডভোকেট জাহিদুর রহমান

পঞ্চখণ্ড আই ডেস্ক/ প্রেসক্লাব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক / প্রেসক্লাব প্রতিবেদক:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট-৬ আসনে গণ অধিকার পরিষদ মনোনীত প্রার্থী, ট্রাক প্রতীকের এডভোকেট জাহিদুর রহমানের সঙ্গে বিশেষ সাক্ষাৎকারে কথা বলেছেন প্রেসক্লাব প্রতিনিধিরা। রাজনীতি, গণতন্ত্র, উন্নয়ন ভাবনা, ভোটের সমীকরণ ও এলাকার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি খোলামেলা মত দেন। সাক্ষাৎকারের নির্বাচিত অংশ তুলে ধরা হলো—

প্রশ্ন: আপনি কেন নিজেকে এই আসনের যোগ্য প্রার্থী মনে করেন?
এডভোকেট জাহিদুর রহমান: আমি নিজেকে কোনো অলৌকিক বা অতিমানবীয় যোগ্য প্রার্থী ভাবি না। তবে দীর্ঘদিন সামাজিক সংগঠনের মাধ্যমে উন্নয়নমূলক কাজে যুক্ত আছি। দেশ-বিদেশে ঘুরে বাস্তবতা দেখেছি। আজ বাংলাদেশের রাজনীতি বিপথগামী—অতীতের প্রায় সব সরকারই কমবেশি গণমানুষের ওপর দমন-পীড়ন চালিয়েছে। আমরা এই ধারার পরিবর্তন আনতেই রাজনীতিতে এসেছি।

প্রশ্ন: আপনার রাজনৈতিক অবস্থানটা কীভাবে ব্যাখ্যা করবেন?
এডভোকেট জাহিদুর রহমান: আমরা কোনো দলের বিরুদ্ধে নই, আমরা দুর্নীতির বিরুদ্ধে। আমাদের লক্ষ্য ন্যায়ভিত্তিক, জনবান্ধব অধিকার প্রতিষ্ঠা। এমপির কাজ থানা মেইনটেন করা নয়—এমপির কাজ নীতি নির্ধারণ, জনগণের অধিকার রক্ষা ও এলাকার উন্নয়নের দিকনির্দেশনা দেওয়া।

প্রশ্ন: বর্তমান ভোটের রাজনীতি নিয়ে আপনার মূল্যায়ন কী?
এডভোকেট জাহিদুর রহমান: দুঃখজনক হলেও সত্য, কেউ কেউ কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এমনকি “বেহেশতের টিকিট” বিক্রি করতেও ব্যস্ত। আমি মনে করি, লোভ-লালসাহীন প্রার্থী নির্বাচন করাই জরুরি। আমি সেবক হতে চাই, ক্ষমতার মালিক হতে নয়—ভয় বা প্রলোভনের ভোট নয়, চাই জনগণের আস্থা।

প্রশ্ন: নির্বাচিত হলে সিলেট-৬-এর জন্য আপনার প্রধান অগ্রাধিকার কী হবে?
এডভোকেট জাহিদুর রহমান: অগ্রাধিকারগুলো স্পষ্ট—মানবাধিকার ও সুশাসন নিশ্চিত করা, উভয় উপজেলায় গ্যাস সুবিধা, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মূল্যায়ন, শিক্ষার গুণগত উন্নয়ন, শৃঙ্খলা ও শান্তির জনপদ গড়া, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, শিল্পকারখানা স্থাপন, বিষয়ভিত্তিক প্রশিক্ষণ কেন্দ্র চালু, এসব কর্মসূচির নিয়মিত মনিটরিং এবং দুর্নীতির কঠোর নিয়ন্ত্রণ।

প্রশ্ন: রাজনৈতিক সংস্কার নিয়ে আপনার বার্তা কী?
এডভোকেট জাহিদুর রহমান: রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করতে হবে, ভিন্নমত মানার সংস্কৃতি ফিরিয়ে আনতে হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।

প্রশ্ন: বড় দুই দলের প্রার্থীদের মাঝে দাঁড়িয়ে আপনার জয়ের বাস্তবতা কীভাবে দেখছেন?
এডভোকেট জাহিদুর রহমান: আমি চাই মানুষ কোনো প্রভাব ছাড়াই নিজের বিবেচনায় সিদ্ধান্ত নিক। চ্যালেঞ্জ আছে, তবে জনগণ নতুন ও স্বচ্ছ রাজনীতির জন্য উন্মুক্ত। মানুষের আস্থা পেলে জয় অসম্ভব নয়।

প্রশ্ন: আপনার মূল ভোটভিত্তি কোথায় এবং কীভাবে শক্ত করছেন?
এডভোকেট জাহিদুর রহমান: বিয়ানীবাজার ও গোলাপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন আমাদের প্রধান ভরকেন্দ্র। সরাসরি গণসংযোগ, পরিবারভিত্তিক ভোটার সচেতনতা ও সামাজিক উদ্যোগের মাধ্যমে আস্থা গড়ছি। মানুষের কথা শোনা ও পাশে দাঁড়ানোই আমাদের শক্তি।

প্রশ্ন: বিশ্লেষকেরা বলছেন, আপনি ফলাফলে ‘গেম-চেঞ্জার’ হতে পারেন—এ বিষয়ে আপনার মত?
এডভোকেট জাহিদুর রহমান: একমত। আমরা শুরু থেকেই নীতিগত পরিবর্তনের কথা বলছি। অনেক ভোটার আছেন, যারা আগে বড় দুই দলে সীমাবদ্ধ ছিলেন—শেষ মুহূর্তে তাদের সমর্থন এলে সমীকরণ বদলাতে পারে।

প্রশ্ন: নীরব ভোটারদের টানতে আপনার প্রধান বার্তা কী?
এডভোকেট জাহিদুর রহমান: স্বচ্ছ ও জবাবদিহিতামূলক রাজনীতি। তারা যেন বোঝেন—একটি ভোটই গণতান্ত্রিক পরিবর্তনের দিকনির্দেশনা দিতে পারে।

প্রশ্ন: প্রচারণায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী?
এডভোকেট জাহিদুর রহমান: বড় দলগুলোর সাংগঠনিক ও আর্থিক প্রভাব বড় চ্যালেঞ্জ। তবে আমরা জনগণের সরাসরি সমর্থন ও আস্থার ওপরই ভরসা রাখছি।

প্রশ্ন: বিয়ানীবাজার ও গোলাপগঞ্জ—দুই উপজেলার বার্তায় কি পার্থক্য রাখছেন?
এডভোকেট জাহিদুর রহমান: বাস্তবতার কারণে কিছু পার্থক্য আছে। বিয়ানীবাজারে শিক্ষা ও স্বাস্থ্য বড় ইস্যু, গোলাপগঞ্জে কৃষি ও স্থানীয় উন্নয়ন বেশি গুরুত্ব পায়। তবে লক্ষ্য একটাই—টেকসই উন্নয়ন ও স্বচ্ছ রাজনীতি।

প্রশ্ন: আঞ্চলিকতার রাজনীতি নিয়ে আপনার অবস্থান কী?
এডভোকেট জাহিদুর রহমান: আঞ্চলিক চাহিদা স্বাভাবিক ও যৌক্তিক, কিন্তু শুধু আঞ্চলিকতার নামে ভোট বিভাজন গণতন্ত্রের জন্য ক্ষতিকর। উন্নয়ন হতে হবে ভারসাম্যপূর্ণ।

প্রশ্ন: তরুণ ও প্রথমবারের ভোটারদের কাছে আপনার অগ্রাধিকার কী তুলে ধরছেন?
এডভোকেট জাহিদুর রহমান: তাদের বলছি—তোমাদের ভোট দিয়েই বাস্তব পরিবর্তন সম্ভব। স্বচ্ছতা, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান—এই চারটি আমাদের অগ্রাধিকার।

প্রশ্ন: ভোটাররা কেন আপনাকে ‘বিকল্প রাজনীতি’ হিসেবে দেখবে?
এডভোকেট জাহিদুর রহমান: কারণ আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করি। স্বচ্ছ, দায়বদ্ধ ও নাগরিক-সচেতন রাজনীতিই আমাদের পরিচয়।

প্রশ্ন: এই আসনে আপনার দীর্ঘমেয়াদি লক্ষ্য কী?
এডভোকেট জাহিদুর রহমান: ফল যাই হোক, সিলেট-৬-এর মানুষের পাশে থাকা, তাদের সমস্যা বোঝা এবং জনকল্যাণমুখী রাজনীতির ধারা প্রতিষ্ঠাই আমার লক্ষ্য।

প্রশ্ন: ভোটারদের উদ্দেশ্যে আপনার শেষ কথা?
এডভোকেট জাহিদুর রহমান: নিরপেক্ষ ভোটই পারে গণতন্ত্রের বাস্তব পরিবর্তন আনতে। লোভ-ভয়কে না বলে সৎ ও সাহসী সিদ্ধান্ত নিন—আমাকে আপনাদের সেবক হওয়ার সুযোগ দিন।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট