বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন

পেনশন সেবায় ডিজিটাল যুগের সূচনা: চালু হলো ওপিটিএমএস

  • প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

পঞ্চখণ্ড আই ডেস্ক :
অনলাইনে আবেদন, অগ্রগতি পর্যবেক্ষণ ও ব্যবস্থাপনা; কমবে হয়রানি, বাড়বে স্বচ্ছতা ও জবাবদিহিতা

পেনশন আবেদন ও মঞ্জুরির দীর্ঘদিনের জটিলতা ও ভোগান্তি কমাতে সরকার ‘অনলাইন পেনশন ট্র্যাকিং অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ (ওপিটিএমএস) চালু করেছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।

মঙ্গলবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ওপিটিএমএস বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, নতুন এই ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে পেনশনভোগীরা ঘরে বসেই আবেদন জমা দিতে, আবেদনের অগ্রগতি অনুসরণ করতে এবং প্রয়োজনীয় ব্যবস্থাপনা সম্পন্ন করতে পারবেন। এতে সময় ও খরচ সাশ্রয়ের পাশাপাশি সেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা পেনশন সংক্রান্ত কাজে প্রায়ই বিলম্ব, প্রক্রিয়াগত জটিলতা এবং অপ্রয়োজনীয় অফিস যাতায়াতের মুখোমুখি হন। ওপিটিএমএস চালুর ফলে এসব সমস্যার উল্লেখযোগ্য সমাধান হবে এবং দ্রুত সময়ে পেনশন প্রাপ্তি সহজ হবে।

তিনি আরও বলেন, সরকারি অফিসে সরাসরি উপস্থিত না হয়ে অনলাইনে সেবা গ্রহণের সুযোগ দুর্নীতি ও হয়রানি কমাতেও কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শতভাগ পেনশন সমর্পণকারী পেনশনভোগীদের বিষয়ে বিদ্যমান বিধান পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, বর্তমানে ১৫ বছরের পুনঃস্থাপন মেয়াদ শেষ হওয়ার আগে কোনো পেনশনভোগীর মৃত্যু হলে তার পরিবার পুনঃস্থাপিত পেনশনের সুবিধা পায় না। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে এ নীতিমালা পুনর্মূল্যায়নের সুযোগ রয়েছে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews