
পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
চলমান সংকটকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী সরকারের আমল এবং পরবর্তী অন্তর্বর্তী সরকার থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে বর্তমান সরকার কাজ করছে। দেশে নানা সমস্যা রয়েছে—এ কথা স্বীকার করে তিনি বলেন, এসব সংকটকে পুঁজি করে কেউ কেউ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর মাধ্যমে দেশে অরাজক পরিস্থিতি তৈরির অপচেষ্টাও চলছে।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের সময়ে যারা ‘গুপ্ত’ অবস্থানে ছিল, তাদের কেউ কেউ এখন পতিত স্বৈরাচারকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। এমন কোনো শক্তি সক্রিয় থাকলে তারা আবারও স্বৈরাচারকে ফিরিয়ে আনার পথ তৈরি করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি চেয়ারপারসন বলেন, নির্বাচিত সরকার দেশে গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে অঙ্গীকারবদ্ধ। কেউ অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা নিয়ন্ত্রণে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ক্ষেত্রে সবাইকে নিজ নিজ সীমার মধ্যে থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সংকটের কারণে সাধারণ মানুষ ও শিল্প-কারখানার মালিকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ পরিস্থিতির জন্য তিনি দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন। সংকট মোকাবিলায় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে বলেও জানান তিনি।
আলোচনা সভায় বিএনপির কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।