
পঞ্চখণ্ড আই ডেস্ক : দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং শিল্পকারখানায় স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে ৯ জেলায় ৫৩ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে সাত জেলায় ৪৯ প্লাটুন দায়িত্ব পালন করছে। বাকি দুই জেলায় আরও চার প্লাটুন মোতায়েনের প্রস্তুতি চলছে।
শনিবার (২১ নভেম্বর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুরের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ বিভিন্ন এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। পাশাপাশি গাজীপুর ও নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলে শ্রমিকদের কর্মস্থলে ফেরা, কারখানার কার্যক্রম সচল রাখা এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করতে আনসার সদস্যদের মোতায়েন ও তৎপরতা অব্যাহত রয়েছে।
বর্তমানে গোপালগঞ্জে ১৫ প্লাটুন, গাজীপুরে ১৩ প্লাটুন, ফরিদপুরে ৫ প্লাটুন এবং নারায়ণগঞ্জ, খুলনা, মাদারীপুর ও শরীয়তপুরে ৪ প্লাটুন করে মোট ৪৯ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরা ও ময়মনসিংহে আরও ২ প্লাটুন করে ৪ প্লাটুন মোতায়েনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে মোট মোতায়েনের সংখ্যা দাঁড়াবে ৫৩ প্লাটুনে। গোপালগঞ্জে নতুন করে ৭ প্লাটুন যুক্ত হওয়ায় গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা উপস্থিতি আরও সম্প্রসারিত হয়েছে।
মোতায়েনকৃত সদস্যরা গোপালগঞ্জ জেলা কারাগার, জেলা প্রশাসকের কার্যালয়সহ গুরুত্বপূর্ণ স্থাপনা; ফরিদপুরের রাজবাড়ী রোড মোড়, জনতা মোড় ও ভাঙ্গা রোড; শরীয়তপুরের পদ্মা সেতুর দক্ষিণ গোলচত্বর ও জেলা কারাগার এবং মাদারীপুর জেলা কারাগারসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
গাজীপুরের তেলিরচালা, কাশিমপুর-কোনাবাড়ী, চৌরাস্তা, শিববাড়ী, মাওনা ও মৌচাকসহ শিল্পাঞ্চলের বিভিন্ন পয়েন্টে টহল ও নজরদারি চলছে। অধিকাংশ কারখানায় শ্রমিকদের কাজে যোগদান ও উৎপাদন অব্যাহত থাকলেও কিছু প্রতিষ্ঠানে কর্মবিরতি, শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধের আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছেন সদস্যরা।
অন্যদিকে, নারায়ণগঞ্জের চাষাঢ়া, শিবু মার্কেট, ফতুল্লা স্টেডিয়াম, বিসিক শিল্পনগরী, কাঠেরপুল, সাইনবোর্ড ও কাঁচপুরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনসার সদস্যদের উপস্থিতিতে শ্রমিকদের কাজে ফেরা, যান চলাচল এবং জনসাধারণের চলাচল স্বাভাবিক হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সংশ্লিষ্ট রেঞ্জ, জেলা ও ব্যাটালিয়ন পর্যায়ের কর্মকর্তারা সমন্বয়ের মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি ও দায়িত্ব পালনের অগ্রগতি পর্যালোচনা করছেন। স্থানীয় পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জননিরাপত্তা, শিল্পকারখানার সচলতা এবং নির্বিঘ্ন জনচলাচল নিশ্চিত করতে আনসার ব্যাটালিয়ন সদস্যদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে।




