
পঞ্চখণ্ড আই ডেস্ক : বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৪ সদস্য, ৪৯ পিস ইয়াবাসহ ২ জন, চোরাই মালামালসহ ২ জন এবং সাজা পরোয়ানাভুক্ত ১ আসামিসহ মোট ৯ জন গ্রেপ্তার হয়েছেন। বুধবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সবাইকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট জেলা পুলিশ সুপারের তদারকি ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানগুলো পরিচালিত হয়।
অভিযানের প্রথম পর্যায়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন পৌর ছাত্রলীগের তারেক আহমদ মুসা (২৫), উপজেলা ছাত্রলীগের এহসান হোসাইন খান (২৪) ও হাবিবুর রহমান খান রাহিম (২৩), এবং দুবাগ ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোস্তাক আহমদ খান (৪৬)।
দ্বিতীয় অভিযানে রাত সাড়ে ১২টার দিকে বিয়ানীবাজার পৌরসভার নয়াগ্রাম এলাকায় ৪৯ পিস ইয়াবাসহ মো. ইকরাম আলী (৩৫) ও মো. অলিম (২০) কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
এ ছাড়া চোরাই মালামালসহ জসিম আহমদ (২৭) ও রুবেল প্রকাশ মনা মিয়া (২৬) গ্রেপ্তার হন। একই রাতে তিলপাড়া ইউনিয়ন থেকে সাজা পরোয়ানাভুক্ত আসামি কবির হোসেনকেও আটক করা হয়।
বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ৯ জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।




