
বিয়ানীবাজার প্রতিনিধি: দীর্ঘদিনের নানা জটিলতা, স্থান নির্ধারণ নিয়ে আলোচনা ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের জন্য পৌরসভার খাসাড়ীপাড়া মৌজায় ৬৫ শতক জমির প্রশাসনিক অনুমোদন দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখে মন্ত্রণালয়ের পরিকল্পনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত অনুমোদন জারি করা হয়।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. জিয়াউল হক স্বাক্ষরিত স্মারকপত্রের মাধ্যমে খাসাড়ীপাড়ার ৬৫ শতক জমিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।
এদিকে এ অনুমোদনের খবর জানিয়ে সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী তাঁর ফেসবুক স্ট্যাটাসে বিয়ানীবাজারবাসীকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, দীর্ঘদিনের নানা জটিলতা ও প্রতিকূলতা কাটিয়ে অবশেষে বহুল প্রত্যাশিত মডেল মসজিদ প্রকল্পটি বাস্তবায়নের পথ সুগম হয়েছে।
এমপি তাঁর স্ট্যাটাসে জানান, বিভিন্ন জটিলতার কারণে একপর্যায়ে প্রকল্পটির বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছিল। তখন পৌরসভার নেতৃবৃন্দ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুরব্বিদের সঙ্গে আলোচনা করে পৌরসভার মধ্যে জমি বরাদ্দের উদ্যোগ নেওয়া হয়। উপযুক্ত জায়গা না পাওয়ায় বিকল্প হিসেবে চারখাইয়ে মডেল মসজিদ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। একপর্যায়ে সেখানে প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়াও অনেক দূর এগিয়েছিল।
পরবর্তীতে উপজেলা মিলনায়তনে সর্বস্তরের মুরব্বি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় পুনরায় পৌরসভার মধ্যে জায়গা বরাদ্দের বিষয়টি উত্থাপিত হয়। উপযুক্ত জায়গার ব্যবস্থা করা হলে বিষয়টি বিবেচনার আশ্বাস দেন তিনি।
এরই ধারাবাহিকতায় খাসাড়ীপাড়ার প্রস্তাবিত জমির আইনি জটিলতা নিরসন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমিটি বরাদ্দ দিতে সম্মত হন। পরে প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হলে মন্ত্রণালয়ের প্রতিনিধি দল সরেজমিনে জায়গাটি পরিদর্শন করে উপযুক্ত হিসেবে বিবেচনা করেন। অবশেষে ১৫ নভেম্বর মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন জারি হয়।
চারখাইবাসীর প্রতিও বিশেষ বার্তা দিয়েছেন সংসদ সদস্য। তিনি বলেন, পৌরসভার মধ্যে উপযুক্ত জায়গা না পাওয়ার কারণেই বিকল্প হিসেবে চারখাইয়ে মডেল মসজিদ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল। পরবর্তীতে পৌরসভার মধ্যে জায়গার ব্যবস্থা হওয়ায় প্রকল্পটি খাসাড়ীপাড়ায় বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে। তবে এতে চারখাইয়ের উন্নয়নের প্রতি তাঁদের আন্তরিকতা ও দায়বদ্ধতা কোনোভাবেই কমবে না। ভবিষ্যতে চারখাইয়ে সরকারি স্থাপনা ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের অগ্রগতিতে কাজ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এমপি আরও জানান, সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও আন্তরিকতায় প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া হবে। যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজের উদ্বোধন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিয়ানীবাজার উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র বাস্তবায়নের স্থান নির্ধারণ নিয়ে দীর্ঘদিন ধরে চলা আলোচনা ও উদ্যোগের পর মন্ত্রণালয়ের এ প্রশাসনিক অনুমোদন স্থানীয়ভাবে নতুন আশার সঞ্চার করেছে। এখন সংশ্লিষ্ট দপ্তরগুলোর পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করে প্রকল্পটির নির্মাণকাজ শুরুর অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।




