
পঞ্চখণ্ড আই ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠে শুধু অবকাঠামো দিয়ে নয়, এর পেছনে থাকে অনেক মানুষের ত্যাগ, ভালোবাসা, অর্থ, শ্রম ও স্বপ্ন। বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের উন্নয়নযাত্রায় এমনই অবদান রাখা ৩২ জন ভূমিদাতার মধ্যে তিনজনকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও স্বীকৃতি প্রদান করা হয়েছে। তাঁদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি বিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রায় সম্মিলিত অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) বেলা ২টা ৩০ মিনিটে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি নুরুল আলম সেলিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি সাহেদ আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভূমিদাতা ও আজীবন দাতা সদস্য সাব উদ্দিন। শুধু এই শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বিয়ানীবাজারের বিভিন্ন আর্থসামাজিক কর্মকাণ্ডের নেপথ্যেও রয়েছে তাঁর গুরুত্বপূর্ণ অবদান।
প্রধান অতিথির বক্তব্যে সাব উদ্দিন বলেন, “টাকা সবাই দিতে পারেন, কিন্তু টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” তিনি বিয়ানীবাজারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বিদ্যালয়ের কাঙ্ক্ষিত গন্তব্য নিজের চোখে দেখতে চান বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে আরও অনেক প্রিয়জন উন্নয়ন উদ্যোগে এগিয়ে আসবেন বলে প্রত্যাশা করেন।
বিদ্যালয়ের ভূমিদাতা হিসেবে যুক্তরাজ্যপ্রবাসী ইফতেখার আহমদ ও আবু তাহেরের অবদানের কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। প্রতিষ্ঠানের অধিকাংশ ভূমিদাতাই প্রবাসী। তাঁদের ভূমি ও আর্থিক সহযোগিতা এবং আন্তরিক অংশগ্রহণ বিদ্যালয়ের উন্নয়নযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। প্রবাসীদের এই অবদান নিজ শিকড় ও এলাকার প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত।
বক্তারা বলেন, একটি ভালো উদ্যোগকে বাস্তবে রূপ দিতে শুধু সদিচ্ছা যথেষ্ট নয়; প্রয়োজন নিরলস শ্রম, ধৈর্য, দূরদর্শিতা ও দায়িত্ববোধ। বিদ্যালয়ের উন্নয়নে ৩২ জন ভূমিদাতার প্রত্যেকের অবদানই গুরুত্বপূর্ণ। তাঁদের সম্মিলিত সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টার মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি এগিয়ে যাচ্ছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই। বক্তব্য রাখেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, দাসউরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলামিস্ট আতাউর রহমান, লায়ন আব্দুল কুদ্দুস, গণদাবী পরিষদের সেক্রেটারি জয়নুল আবেদীন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক কবির আহমদ, ব্যবসায়ী জয়নাল আবেদিন, শ্রীধরা জনমঙ্গল সমিতির সেক্রেটারি গুলজার আহমদ রাহেল, সালেহ আহমদ শাহীন, রোটারিয়ান হাসান আহমদ, বিয়ানীবাজার ক্রীড়া সংস্থার সদস্য তাজ উদ্দিন কুটি এবং বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
দাসউরা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কলামিস্ট আতাউর রহমান তাঁর বক্তব্যে বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান শুধু সনদ বিতরণের কেন্দ্র নয়; এটি মানুষ গড়ার আলোকবর্তিকা। এখান থেকে অর্জিত জ্ঞান, মূল্যবোধ ও নৈতিক শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়তে হবে। তাঁর এই আশাবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই জানান, ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষা ও নৈতিকতার উৎকর্ষে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে এবং প্রতিষ্ঠানের সুনাম আরও উজ্জ্বল করবে বলে তিনি আশাবাদী।
অনুষ্ঠানের একপর্যায়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে উন্নয়নে অবদান রাখা তিনজন ভূমিদাতা সাব উদ্দিন, ইফতেখার আহমদ ও আবু তাহের-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
বক্তারা প্রত্যাশা করেন, এই সম্মাননা শুধু অতীতের অবদানের স্বীকৃতি হয়েই থাকবে না; বরং ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, সামাজিক দায়বদ্ধতা ও সম্মিলিত উদ্যোগে অংশগ্রহণে অনুপ্রাণিত করবে।




