ছবি ভিডিও ভিডিও
জাতীয়

তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য বাইসাইকেল, নিজেই চালিয়ে মান যাচাই করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ | ৩:৫২ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের উপহার হিসেবে আনা বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে পরখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে সেগুলোর মান ও ব্যবহারিক দিক যাচাই করেন তিনি।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজন মাহমুদ জানান, ষষ্ঠ থেকে দশম শ্রেণির মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য আনা বাইসাইকেলের নমুনা প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। শিক্ষার্থীদের জন্য নির্ধারিত এসব বাইসাইকেলের মান ও ব্যবহারিক উপযোগিতা নিশ্চিত করতেই তিনি নিজে চালিয়ে দেখেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে বাস্তবায়নাধীন এ কর্মসূচির আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা এ উপহার পাবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছাত্রীদের পড়াশোনায় আগ্রহ ও উৎসাহ বাড়ানো, বিদ্যালয়ে যাতায়াত সহজ করা এবং শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।

এ সময় জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আব্দুল খালেকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।