
অবসরোত্তর সুবিধা প্রাপ্তিতে দীর্ঘসূত্রতা: শিক্ষকের অধিকার, মর্যাদা ও রাষ্ট্রের দায়বদ্ধতার প্রশ্ন
একজন শিক্ষক সারা জীবন জাতিকে শিক্ষিত ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলার কাজে নিয়োজিত থাকেন। নিজের যৌবন, মেধা, শ্রম ও জীবনের মূল্যবান সময় ব্যয় করেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য। অথচ সেই শিক্ষকই অবসরে গিয়ে নিজের সঞ্চিত অর্থ ও প্রাপ্য অবসরোত্তর সুবিধা আদায়ের জন্য রাজপথে দাঁড়াতে বাধ্য হচ্ছেন। এর চেয়ে বেদনাদায়ক বাস্তবতা আর কী হতে পারে!
এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের আজকের এই দুর্ভোগ কেবল অর্থপ্রাপ্তির সংকট নয়; এটি তাঁদের দীর্ঘদিনের শ্রমের স্বীকৃতি, সামাজিক মর্যাদা ও রাষ্ট্রীয় দায়বদ্ধতার সঙ্গে সম্পর্কিত।
যে হাতে একসময় চক ছিল, বই ছিল, শিক্ষার্থীদের আলোকিত করার স্বপ্ন ছিল—আজ সেই হাতে ব্যানার, মুখে পাওনা আদায়ের স্লোগান। যাঁরা শ্রেণিকক্ষে দাঁড়িয়ে শিক্ষার্থীদের আত্মমর্যাদা নিয়ে বাঁচতে শিখিয়েছেন, আজ তাঁদেরই নিজের ন্যায্য পাওনার জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।
অথচ অবসরোত্তর সুবিধা কোনো অনুদান কিংবা রাষ্ট্রের দয়া নয়। এটি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের প্রাপ্য অধিকার। চাকরিজীবনের প্রতিটি মাসের বেতন থেকে নির্ধারিত অর্থ কর্তন করা হয়েছে এই প্রত্যাশায় যে, কর্মজীবন শেষে সেই অর্থ তাঁদের অবলম্বন হবে। অবসরের পর চিকিৎসা, সংসার পরিচালনা, সন্তানদের ভবিষ্যৎ কিংবা শেষ জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে এই অর্থের প্রয়োজন সবচেয়ে বেশি।
কিন্তু বাস্তবতা হচ্ছে, অবসরে যাওয়ার পরও বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে অনেক শিক্ষক-কর্মচারীকে। কখনো ফাইলের জট, কখনো প্রশাসনিক জটিলতা, কখনো অর্থসংকট কিংবা নানা আশ্বাসের মধ্যে তাঁদের সময় পার হচ্ছে। এক দপ্তর থেকে অন্য দপ্তরে ছুটতে ছুটতে অনেকের বয়স ও শারীরিক সক্ষমতা ফুরিয়ে যাচ্ছে; অথচ প্রাপ্য অর্থ হাতে আসছে না।
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, অনেকেই জীবদ্দশায় তাঁদের প্রাপ্য অর্থ ভোগ করতে পারছেন না। দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার আগেই কেউ কেউ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। তখন তাঁদের পরিবারের সদস্যদের সেই পাওনা আদায়ের জন্য নতুন করে দপ্তরে দপ্তরে ঘুরতে হয়। একজন অবসরপ্রাপ্ত শিক্ষকের জীবনের শেষ অধ্যায় যদি এমন অনিশ্চয়তা ও উদ্বেগে কাটে, তবে তা আমাদের শিক্ষা ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার জন্য গভীরভাবে ভাবনার বিষয়।
অবসরের পর নিয়মিত বেতন বন্ধ হয়ে যায়। বয়সের ভারে নতুন করে উপার্জনের সুযোগও সীমিত হয়ে আসে। অথচ চিকিৎসা, ওষুধ, খাদ্য ও পারিবারিক দায়িত্বের প্রয়োজন থেমে থাকে না। যাঁরা একসময় অসংখ্য শিক্ষার্থীর জীবন গঠনে ভূমিকা রেখেছেন, তাঁদের কেউ কেউ আজ ন্যূনতম জীবনযাপনের জন্য সন্তান কিংবা স্বজনের ওপর নির্ভরশীল হতে বাধ্য হচ্ছেন। কারও কারও ক্ষেত্রে জীবিকার তাগিদে অবসরের পরও নতুন করে কাজ করতে হচ্ছে।
প্রশ্ন হলো, একজন শিক্ষক কি এমন পরিণতির প্রত্যাশায় সারাজীবন দায়িত্ব পালন করেন? যাঁরা জাতির ভবিষ্যৎ নির্মাণে নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের শেষ বয়সে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা কি রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব নয়?
শিক্ষকের মর্যাদা কেবল আনুষ্ঠানিক বক্তব্য, সংবর্ধনা কিংবা বিশেষ দিবসের শুভেচ্ছায় প্রতিষ্ঠিত হয় না। তাঁর শ্রমের যথাযথ মূল্যায়ন, ন্যায্য পাওনার সময়মতো পরিশোধ এবং অবসরজীবনের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই প্রকৃত সম্মান প্রকাশ পায়।
তাই এমপিওভুক্ত অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের অবসরোত্তর সুবিধা প্রদানে দীর্ঘসূত্রতার অবসান এখন সময়ের দাবি। এ ক্ষেত্রে প্রয়োজন কার্যকর প্রশাসনিক উদ্যোগ, পর্যাপ্ত অর্থ বরাদ্দ, স্বচ্ছ ব্যবস্থাপনা এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে পাওনা পরিশোধের নিশ্চয়তা। একই সঙ্গে যাঁরা ইতিমধ্যে আবেদন করেছেন, তাঁদের অপেক্ষমাণ দাবিগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করা জরুরি।
মনে রাখতে হবে, আজ যাঁরা অবসরে আছেন, আগামী দিনে কর্মরত শিক্ষক-কর্মচারীরাও একই বাস্তবতার মুখোমুখি হবেন। অতএব, এটি কেবল অবসরপ্রাপ্তদের ব্যক্তিগত দাবি নয়; এটি দেশের সামগ্রিক শিক্ষকসমাজের ভবিষ্যৎ নিরাপত্তার প্রশ্ন।
যে জাতি তার শিক্ষকদের অবসরজীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়, সেই জাতির শিক্ষা ও মানবিক মূল্যবোধের অগ্রযাত্রাও প্রশ্নের মুখে পড়ে।
শিক্ষকদের আর আশ্বাস নয়, তাঁদের ন্যায্য পাওনা চাই। আর প্রতিশ্রুতি নয়, চাই কার্যকর বাস্তবায়ন। জীবদ্দশায় প্রাপ্য অর্থ বুঝিয়ে দিন—মৃত্যুর পর উত্তরাধিকারীদের অপেক্ষার বোঝা বাড়িয়ে নয়।
শিক্ষকের জমানো অর্থ তাঁর অধিকার, অবসরোত্তর সুবিধা তাঁর প্রাপ্য এবং তা যথাসময়ে পরিশোধ করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব।
লেখক পরিচিতি : মো. আবু তালেব সোহাগ | সভাপতি, বাংলাদেশ এমপিওভুক্ত শিক্ষক পরিষদ | যুগ্ম আহ্বায়ক, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।




