
পঞ্চখণ্ড আই ডেস্ক: রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মাদ্রাসাছাত্র সাদিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতে নুরুল ইসলাম নাহিদের পক্ষে জামিনের আবেদন ও শুনানি করেন অ্যাডভোকেট সাথী শাহা। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন খারিজ করেন বলে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন।
এর আগে গত ১৯ নভেম্বর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্তের স্বার্থে পরবর্তী সময়ে প্রয়োজনে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে উত্তরা পশ্চিম থানা এলাকায় আন্দোলনে অংশ নেন মাদ্রাসাছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকেল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে ২০০ থেকে ৩০০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা এবং এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ রয়েছে।
এতে সাদিকুল ইসলামের পেটে গুলি লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই তিনি মারা যান।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন। উল্লেখ্য, মামলাটি বিচারাধীন রয়েছে।




