
পঞ্চখণ্ড আই ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক এনামুল হক’র গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচার বিভাগীয় তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বিয়ানীবাজারের দুই শিক্ষক নেতা।
বিয়ানীবাজার উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আব্দুদ দাইয়ান এবং মাধ্যমিক প্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আতাউর রহমান এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।
গ্রেপ্তারকৃত এনামুল হক এর বয়স ৫৩ বছর। তিনি সিলেটের কানাইঘাট উপজেলার ধর্মপুর গ্রামের ইসলাম আলীর ছেলে এবং গোলাপগঞ্জ উপজেলার মছলম উদ্দিন একাডেমির প্রধান শিক্ষক।
যুক্ত বিবৃতিতে শিক্ষক নেতারা বলেন, একজন প্রধান শিক্ষকের ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ এবং পরবর্তী সময়ে তাঁকে মামলায় জড়িয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর বিষয়টি উদ্বেগজনক। তাঁরা ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সংশ্লিষ্ট সবার ভূমিকা যাচাই এবং অভিযোগের সত্যতা অনুসারে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানান।
বিবৃতিতে তাঁরা আরও বলেন, শিক্ষকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত সম্মান রক্ষা করা জরুরি। এ ধরনের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা না গেলে শিক্ষক সমাজে উদ্বেগ তৈরি হতে পারে এবং শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে।
শিক্ষক নেতারা ঘটনার সুষ্ঠু তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টির সম্মানজনক সমাধানের আহ্বান জানান। একই সঙ্গে গ্রেপ্তারকৃত প্রধান শিক্ষক এনামুল হকের মুক্তির দাবিও জানান তাঁরা।




