ছবি ভিডিও ভিডিও
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

বিয়ানীবাজার পৌরসভায় নাগরিক সেবায় ভোগান্তি, ইউএনওর হস্তক্ষেপ কামনা

প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ | ১০:০৪ পূর্বাহ্ণ



নিজস্ব প্রতিবেদক, বিয়ানীবাজার: বিয়ানীবাজার পৌরসভায় নির্বাচিত কাউন্সিলর না থাকায় নাগরিক সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন পৌরবাসী। জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ, নাগরিকত্বের প্রত্যয়নপত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সেবা পেতে গড়ে দুই সপ্তাহ সময় লাগছে বলে অভিযোগ রয়েছে। কখনো দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে না পেয়ে ফিরে যেতে হচ্ছে, আবার অনলাইন সেবা পুরোপুরি চালু না থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে আবেদন করতে হচ্ছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের অপসারণ করা হয়। এরপর থেকে প্রশাসকের অধীনে চলছে পৌরসভার কার্যক্রম। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক উম্মে হাবিবা মজুমদারের আদেশে নয়টি ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরের নয়জন কর্মকর্তাকে। নিজ নিজ দাপ্তরিক কাজের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব পালন করায় নাগরিক সেবার গতি নিয়ে প্রশ্ন উঠেছে।

সনদপত্রের পাশাপাশি জন্মনিবন্ধন সংশোধন, হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স এবং সড়ক সংস্কার, ড্রেন পরিষ্কার ও বর্জ্য অপসারণের মতো সেবায়ও ভোগান্তির অভিযোগ রয়েছে।

এ অবস্থায় সেবা প্রদানে দীর্ঘসূত্রতা কমানো, অনলাইন সেবা সচল করা এবং ওয়ার্ডভিত্তিক কার্যক্রমে কার্যকর তদারকি নিশ্চিত করতে পৌর প্রশাসক ও ইউএনও উম্মে হাবিবা মজুমদারের হস্তক্ষেপ কামনা করছেন পৌরবাসী।

তাঁদের প্রত্যাশা, প্রয়োজনীয় সেবা পেতে বারবার পৌরসভায় যাতায়াতের ভোগান্তি দূর করে দ্রুত ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিত করা হবে।