
গ্রামের আইনশৃঙ্খলা রক্ষা, মাদক প্রতিরোধ এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামে এক মতবিনিময় সভা ও সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। খাসাড়ীপাড়ায় মাদকসংক্রান্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শ্রীধরা জনমঙ্গল সমিতির উদ্যোগে বুধবার (১৪ অক্টোবর ২০২৬) রাতে শ্রীধরা কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জনাব আবু বক্কর আবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় গ্রামের সর্বস্তরের জনসাধারণ, শ্রীধরা জনমঙ্গল সমিতির সদস্য, বিভিন্ন পাড়াভিত্তিক সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় সমিতির সেক্রেটারি গুলজার আহমদ রাহেল পরিচালনার দায়িত্ব পালন করেন।
সভায় খাসাড়ীপাড়ায় মাদকসংক্রান্ত অভিযোগ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উপস্থিত ব্যক্তিদের মতামতের ভিত্তিতে অভিযুক্ত ব্যক্তিদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, সংশ্লিষ্ট ব্যক্তিদের ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়িত না হওয়ার মুচলেকা নেওয়া হয় এবং সিদ্ধান্তটি প্রকাশ্যে বাস্তবায়ন করা হয়।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, মাদক ও অন্যান্য অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের বিষয়ে প্রাপ্ত অভিযোগ যথাযথভাবে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরাধের সঙ্গে জড়িত কেউ যেন সামাজিক পরিচয়, প্রভাব কিংবা সম্পর্কের কারণে ছাড় না পান, সে বিষয়ে উপস্থিত ব্যক্তিরা দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।
বক্তারা বলেন, শ্রীধরা গ্রামের পরিবেশ সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে সামাজিক ঐক্যের বিকল্প নেই। মাদক যুবসমাজের ভবিষ্যৎ ধ্বংস করে, পরিবারে অশান্তি সৃষ্টি করে এবং সামগ্রিক সামাজিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে। তাই মাদক প্রতিরোধে অভিভাবক, যুবসমাজ, পাড়াভিত্তিক সংগঠন ও সচেতন নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় স্পষ্ট করা হয়, অপরাধের বিরুদ্ধে সামাজিক অবস্থান হবে আপসহীন। মাদকসংক্রান্ত অপরাধের নির্ভরযোগ্য তথ্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও কর্তৃপক্ষকে জানিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করতে হবে। একই সঙ্গে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।
শ্রীধরা জনমঙ্গল সমিতির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিত্তিহীন বা বিভ্রান্তিকর মন্তব্য না করে গ্রামের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার সম্মিলিত উদ্যোগে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। –প্রেস বিজ্ঞপ্তি




