ছবি ভিডিও ভিডিও
শিক্ষার খবর

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ফি দিতে হবে না, পরীক্ষা শুরু ২০ ডিসেম্বর

প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৩:১৩ অপরাহ্ণ



নিজস্ব প্রতিবেদক: প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ২০২৬ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো ধরনের ফি দিতে হবে না। এ বিষয়ে নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে চার দিনব্যাপী পরীক্ষার বিষয়ভিত্তিক সময়সূচিও প্রকাশ করা হয়েছে।

সম্প্রতি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো এক চিঠিতে পরীক্ষার্থীদের কাছ থেকে কোনো ধরনের ফি আদায় না করার নির্দেশনা দেওয়া হয়। চিঠিতে উল্লেখ করা হয়েছে, গত ২৩ সেপ্টেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত সময়সূচি অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর শুরু হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষা। পরীক্ষা চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিষয়ভিত্তিক পরীক্ষার সময়সূচি

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ ডিসেম্বর বাংলা, ২১ ডিসেম্বর ইংরেজি এবং ২২ ডিসেম্বর প্রাথমিক গণিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার শেষ দিন ২৩ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা নেওয়া হবে।

অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ কামরুজ্জামানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে পরীক্ষার তারিখ ও বিষয়ভিত্তিক সময়সূচি জানানো হয়েছে।

ফি আদায় বন্ধের এ সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীরা কোনো ধরনের পরীক্ষার ফি ছাড়াই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তাদের জানিয়ে দেওয়া হয়েছে।