
পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :
দেশের বিদ্যুৎ খাতে সরকারের কাছে দেশি-বিদেশি কোম্পানিগুলোর বকেয়া বিল ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে, যা বর্তমানে ৬ থেকে ১৪ মাস পর্যন্ত অমীমাংসিত রয়েছে। এই বিপুল বকেয়ার কারণে বিশেষ করে বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তীব্র আর্থিক সংকটে পড়েছে। জ্বালানি আমদানি ব্যাহত হচ্ছে, ব্যাংক ঋণের চাপ বাড়ছে এবং নতুন করে এলসি খোলাও কঠিন হয়ে পড়েছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া দাঁড়িয়েছে প্রায় ৫০ হাজার ৩০০ কোটি টাকা, যা মার্চের বিল যুক্ত হলে আরও বাড়বে। এ পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগ চলতি বছর অতিরিক্ত ২০ হাজার কোটি টাকার বেশি ভর্তুকি চেয়েছে সরকারের কাছে।
বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই বকেয়া সংকট গ্রীষ্ম মৌসুমে বিদ্যুৎ সরবরাহে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। জ্বালানি সংকটের কারণে ফার্নেস অয়েলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখা কঠিন হয়ে পড়ছে, ফলে বাড়তে পারে লোডশেডিং। বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন গড়ে ১৪ হাজার মেগাওয়াট হলেও গ্রীষ্মে চাহিদা ১৮ হাজার মেগাওয়াট ছাড়াতে পারে।
এদিকে বিদ্যুৎ খাতে অর্থ ছাড়ের বড় অংশ ব্যয় হচ্ছে আমদানি বিদ্যুৎ ও আন্তর্জাতিক চুক্তির বিল পরিশোধে, যার ফলে দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হচ্ছে। একই সঙ্গে ভর্তুকি কমানো ও বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতায় সংকট আরও গভীর হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত বকেয়া পরিশোধ না হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাংকিং খাতেও বড় ধরনের চাপ তৈরি হতে পারে। তাই জরুরি ভিত্তিতে আর্থিক সমাধান ও কার্যকর নীতিগত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।