ছবি ভিডিও ভিডিও
জাতীয়, শিক্ষার খবর

শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ: সংসদে শিক্ষামন্ত্রীর ঘোষণা

প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ | ৫:৩৩ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই | শিক্ষা ডেস্ক:

মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। ইতোমধ্যে এ বিষয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে সরকারি দলের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের উত্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, মাউশির জারি করা আদেশ অনুযায়ী মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ কিংবা ফোন ব্যবহার নিষিদ্ধ। এ বিষয়ে পূর্ণাঙ্গ নীতিমালা প্রণয়নের বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, সাইবার বুলিং প্রতিরোধ এবং শ্রেণিকক্ষে পাঠদানে মনোযোগ বাড়ানোর লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে শিক্ষাপ্রতিষ্ঠানে মোবাইল ফোন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা অথবা সুনির্দিষ্ট নীতিমালা কার্যকর করা হচ্ছে।

শিক্ষাঙ্গনে প্রযুক্তির অনিয়ন্ত্রিত ব্যবহার রোধ, পাঠদানে মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার্থীদের সুস্থ শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট মহলে মনে করা হচ্ছে।