ছবি ভিডিও ভিডিও
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

প্রধান শিক্ষক এনামুল হকের মুক্তি ও নিরপেক্ষ তদন্তের দাবি বাশিশের

প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ | ১:৩৬ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক : গোলাপগঞ্জ উপজেলার মসলম উদ্দিন খান একাডেমির প্রধান শিক্ষক মো. এনামুল হককে কারাগারে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিশ), সিলেট জেলা ও মহানগর শাখা। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং যথাযথ আইনি প্রক্রিয়ায় তাঁর মুক্তির বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষক নেতৃবৃন্দ।

এ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর শিক্ষক সমিতির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সিলেট জেলা ও মহানগরসহ বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

বাশিশ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. গোলাম রব্বানীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আহমদ আলী।

সভায় বক্তারা প্রধান শিক্ষক এনামুল হককে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। পাশাপাশি প্রচলিত আইন ও যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তাঁর মুক্তির বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তাঁরা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, শিগগিরই সিলেট জেলা ও মহানগর শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৈঠকে বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরে নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং প্রধান শিক্ষক এনামুল হকের মুক্তির বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের অনুরোধ জানানো হবে।

শিক্ষক নেতৃবৃন্দ বলেন, শিক্ষকদের মর্যাদা, নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ঘটনা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে যথাযথ তদন্ত ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করা প্রয়োজন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ এ ঘটনার সুষ্ঠু সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে শিক্ষকসমাজের সম্মান ও ন্যায়সংগত অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।— বিজ্ঞপ্তি