
পঞ্চখণ্ড আই ডেস্ক : এ বছর বিয়ানীবাজার উপজেলায় ৪২টি সর্বজনীন ও ১১টি ব্যক্তিগতসহ মোট ৫৩টি পূজা মণ্ডপে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এসব মণ্ডপের সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী দেবপীঠ পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমে এ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন।
সভায় বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর শ্রী গোপেশ দাসসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ এবং হিন্দু ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে মণ্ডপগুলোর সার্বিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা, দর্শনার্থীদের চলাচল এবং শান্তিপূর্ণ ও সম্প্রীতির পরিবেশ বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।
সভায় জানানো হয়, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে উপজেলার প্রতিটি পূজা মণ্ডপে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তারা পূজার সময় পারস্পরিক সম্প্রীতি, ধর্মীয় সহনশীলতা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রস্তুতি সভায় উপস্থিতি ও সার্বিক সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী।




