Eng
অপরাধ

বিয়ানীবাজারে ধারাবাহিক অভিযানে ১৬ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৭

প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ৩:০২ অপরাহ্ণ



বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি :
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক ধারাবাহিক অভিযানে ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় পণ্য, একটি মোটরসাইকেল ও একটি লেগুনা জব্দ এবং বিভিন্ন মামলায় মোট সাতজনকে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ।

পুলিশের প্রেস রিলিজ অনুযায়ী, গত ৩ সেপ্টেম্বর রাতে চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় চারখাই ইউনিয়ন পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে ৭ হাজার পিস ইয়াবাসহ জকিগঞ্জের শহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ২১ লাখ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

এরপর গত ১৭ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টার দিকে একই এলাকায় চেকপোস্ট পরিচালনা করে আরও ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একটি লাল রঙের TVS মোটরসাইকেলসহ জকিগঞ্জের রুমেল আহমদ ও লায়েক আহমদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা হয়েছে।

সর্বশেষ ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকায় চেকপোস্ট বসিয়ে আরও ৭ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় জকিগঞ্জের সাহাবুদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, ১৩ সেপ্টেম্বর রাতে বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের কনকলস এলাকায় চেকপোস্ট পরিচালনা করে শুল্ক-কর ফাঁকি দিয়ে সীমান্তপথে চোরাচালানের মাধ্যমে আনা ভারতীয় Leather Socks-এর ২২০টি প্যাকেট উদ্ধার করা হয়। এ সময় একটি লেগুনাসহ জকিগঞ্জের সজিব আহমদকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা।

এ ছাড়া বিয়ানীবাজার পৌরসভার আল-আমিন সুপার মার্কেটের ‘স্বপ্নপুরি টপস গ্যালারী’ নামের কাপড়ের দোকানে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে কানাইঘাটের খাদিজা বেগম ও রোকসানা বেগম নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিয়ানীবাজার থানার প্রেস রিলিজে জানানো হয়েছে, সিলেটের পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের তদারকিতে এসব অভিযান পরিচালিত হয়। অভিযানে এসআই হোসাইন মিয়া, এএসআই মুহাম্মদ মুজাম্মেল হকসহ থানার পুলিশ সদস্যরা অংশ নেন।

এ ছাড়া ৩ সেপ্টেম্বরের অভিযানের একই ধারাবাহিকতায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত বিয়ানীবাজারের নিজাম উদ্দিন এবং বিয়ানীবাজার মোবাইল কোর্ট মামলায় সাজাপ্রাপ্ত শাকিল আহমদ মান্নাকেও গ্রেপ্তার করা হয়।