ছবি ভিডিও ভিডিও
শিক্ষার খবর, সারা দেশ

এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষা ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বর

প্রকাশিত: শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ | ১০:১৬ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক : ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য আগামী ২ ডিসেম্বর থেকে সাপ্লিমেন্টারি (সম্পূরক) পরীক্ষা আয়োজনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। এ পরীক্ষার ফলাফল ৩১ ডিসেম্বর প্রকাশের সম্ভাব্য সময়সূচিও নির্ধারণ করা হয়েছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেন মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। অকৃতকার্য হয়েছেন ৫ লাখ ৯৪ হাজার ১১৩ জন। সার্বিক পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় তাদের জন্য সাপ্লিমেন্টারি পরীক্ষা আয়োজনের এ উদ্যোগ নেওয়া হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের কাজ চলবে ৫ থেকে ২০ নভেম্বর পর্যন্ত। আগামী দুই দিনের মধ্যে পরীক্ষার ফরম পূরণ কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড কর্তৃপক্ষ। নির্ধারিত সূচি অনুযায়ী, ফরম পূরণ চলবে ৩ থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত।

তবে বিদ্যমান বিধিমালায় এ ধরনের পরীক্ষা আয়োজনের সুযোগ না থাকায় শিক্ষা মন্ত্রণালয়ের লিখিত নির্দেশনা প্রয়োজন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। ফলে মন্ত্রণালয়ের অনুমোদন ও নির্দেশনার ওপর সাপ্লিমেন্টারি পরীক্ষার চূড়ান্ত আয়োজন নির্ভর করছে।

এদিকে, এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু হবে ১ নভেম্বর। শিক্ষার্থীরা ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। পুনর্মূল্যায়ন কার্যক্রমের অংশ হিসেবে ১৩ থেকে ১৯ নভেম্বর পরীক্ষকদের ব্রিফিং ও উত্তরপত্র পুনর্মূল্যায়নের কাজ চলবে। ২২ নভেম্বরের মধ্যে পরীক্ষক নিয়োগ এবং প্রধান পরীক্ষকদের কাছ থেকে উত্তরপত্র সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ২৭ নভেম্বর।