ছবি ভিডিও ভিডিও
জাতীয়

জাপানের সঙ্গে বাংলাদেশের ২৪ সমঝোতা ও চুক্তি স্বাক্ষর, বিনিয়োগের সম্ভাবনা ৬ বিলিয়ন ডলার

প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ | ৮:২১ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক :

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে একটি চুক্তি, চারটি সমঝোতা স্মারক (এমওইউ) এবং দুটি অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি, দুই দেশের বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাতে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হয়েছে এবং দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। এ সফরের মধ্য দিয়ে বিশ্ববাজারে ‘নতুন বাংলাদেশের’ আত্মপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

জলবায়ু ও উপকূলীয় নিরাপত্তায় সহযোগিতা

প্রতিমন্ত্রী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে যৌথভাবে কাজ করবে জাপান। এ ছাড়া বাংলাদেশের উপকূলীয় নিরাপত্তা সক্ষমতা বাড়াতে একটি টহলজাহাজ সরবরাহের জন্য ২১২ কোটি জাপানি ইয়েনের অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রায় ১ কোটি ৩৫ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ।

বিনিয়োগ ও উন্নয়ন সহায়তার প্রতিশ্রুতি

বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ উন্নয়নে প্রায় ১০৮ মিলিয়ন মার্কিন ডলারের একটি ইয়েন ঋণ প্রকল্পের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে জানান হুমায়ুন কবির। পাশাপাশি উপজেলা পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও উন্নয়ন কার্যক্রমে জাপান সরকারের পক্ষ থেকে ১৩ দশমিক ৬৮ বিলিয়ন ইয়েন বা প্রায় ১৯৪ দশমিক ৭ মিলিয়ন মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন তিনি।

ছয় বিলিয়ন ডলারের বিনিয়োগ সম্ভাবনা

বেসরকারি খাতে দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ১৭টি সমঝোতা স্মারকসহ বিভিন্ন চুক্তি ও সহযোগিতার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরে বাংলাদেশের বিভিন্ন খাতে প্রায় ৬ বিলিয়ন মার্কিন ডলারের সম্ভাব্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি হতে পারে। এসব বিনিয়োগ বাস্তবায়িত হলে প্রায় দুই লাখ মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা রয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

অবকাঠামো ও রেল যোগাযোগ সম্প্রসারণ

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার বিষয়টিও তুলে ধরা হয়। দেশের বিভিন্ন বিভাগে উড়াল এক্সপ্রেসওয়ে নির্মাণ এবং ছয়টি বিভাগে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের পরিকল্পনা ও প্রতিশ্রুতির কথাও উল্লেখ করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এবং উপপ্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন উপস্থিত ছিলেন।