Eng
ইসলামিক

‘মিলাদে মাহবুবে খোদা’র দ্বিতীয় খণ্ড প্রকাশ: রাসুলপ্রেমের সঙ্গে আদর্শ অনুসরণের আহ্বান

প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ | ১২:৪৮ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই প্রতিবেদক :
ইসলামী সাহিত্যগ্রন্থ ‘মিলাদে মাহবুবে খোদা’-এর দ্বিতীয় খণ্ডের প্রকাশনা উপলক্ষে বিয়ানীবাজারে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে গ্রন্থটির বিষয়বস্তু, উদ্দেশ্য ও ইসলামী জ্ঞানচর্চায় এর তাৎপর্য নিয়ে আলেম-উলামা, শিক্ষাবিদ ও অতিথিরা বক্তব্য দেন।

১৯ সেপ্টেম্বর ২০২৬ শনিবার আহলুস সুন্নাহ ইমাম মুয়াজ্জিন সমিতির উদ্যোগে বিয়ানীবাজার পৌরসভা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন সারওয়ার ফৈয়াজি।

প্রধান অতিথি ও গ্রন্থের লেখক আলহাজ্ব মৌলভী ক্বারি গিয়াস উদ্দিন বলেন, মানুষের সামর্থ্য সীমিত; সবকিছু আল্লাহর ইচ্ছা ও রহমতের ওপর নির্ভরশীল। তিনি এ প্রকাশনা উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবার জন্য দোয়া করেন এবং গ্রন্থটিকে দ্বীনের খেদমতে কবুল করার জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন। একই সঙ্গে মক্কা শরিফ ও মদিনা শরিফের উলামায়ে কেরামের ফতোয়া ও ব্যাখ্যার আলোকে দ্বীনি বিষয় বোঝার গুরুত্ব তুলে ধরেন।

গ্রন্থকার জানান, প্রথম খণ্ড পাঠকমহলে সমাদৃত হওয়ার পর পাঠকের আগ্রহ ও প্রয়োজন বিবেচনায় দ্বিতীয় খণ্ড প্রকাশ করা হয়েছে। ৯৬ পৃষ্ঠার এ খণ্ডে মিলাদুন্নবী ﷺ, বিদআত, আকীদা এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রশ্ন ও আপত্তির জবাব কুরআন, হাদিস, ফিকহ ও নির্ভরযোগ্য ইসলামী গ্রন্থের আলোকে সহজ ভাষায় উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

বিশেষ অতিথির বক্তব্যে শিক্ষাবিদ ও কলামিস্ট, দাসউরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, রাসুলপ্রেমের প্রকৃত সৌন্দর্য তাঁর আদর্শ অনুসরণের মাধ্যমে প্রকাশ পায়। সত্যবাদিতা, আমানতদারি, সংযম, ন্যায়বোধ ও মানুষের প্রতি সম্মান পরিবার, কর্মক্ষেত্র ও সমাজজীবনে প্রতিষ্ঠিত হলেই সিরাতচর্চা বাস্তব অর্থে সার্থক হবে।

গ্রন্থটির ৬২ পৃষ্ঠায় ‘আরশের কম্পন বন্ধ হলো’ শিরোনামের লেখার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, এতে ইশকে রাসুল ﷺ, আত্মসমর্পণ ও আত্মশুদ্ধির যে আধ্যাত্মিক আবেদন রয়েছে, তা হৃদয়স্পর্শী। তিনি বলেন, মানুষ অনেক সময় সংকটের দেয়াল দেখে, কিন্তু উত্তরণের পথ খোঁজে না। অহংকার, লোভ, হিংসা, ভোগ ও ক্ষমতার আকাঙ্ক্ষা নফসকে শক্তিশালী করে; বিপরীতে জিকির, কোরআন, নামাজ, দোয়া, তওবা ও সৎকর্ম রুহকে প্রশান্ত করে। তাঁর ভাষায়, “নফস ভোগ চায়, রুহ চায় রবকে।”

আলোচনায় আরও অংশ নেন সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল মুক্তাদির আল আযহারী, মাওলানা ছালিক আহমদ, উপাধ্যক্ষ ওয়াহিদুজ্জামান চৌধুরী, মৌলানা তাজুল ইসলাম, মুহাদ্দিস দেলোয়ার হোসেন, মাওলানা কাজি কাওসার আহমেদ, হাফিজ আমান উদ্দিন, মৌলানা ছালেহ আহমদ কবীর, লুৎফুল হক চৌধুরী ফাহিম, মাওলানা আব্দুল বাসিত ও মাওলানা রুহুল আমিন মাস্টার।

অনুষ্ঠানে অনুভূতি প্রকাশ করে রাখালগজ মাদ্রাসার উপাধ্যক্ষ আব্দুর রউফ গ্রন্থটির প্রকাশনাকে স্বাগত জানান। তিনি লেখকের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বলেন, “এই পিতৃছায়া যেন আমাদের জন্য দীর্ঘ হায়াত দান করেন।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন লেখকের পুত্র মৌলানা ইউসুফ আহমদ। নাতে রাসুল পরিবেশন করেন আবু নাছের মুরাদ এবং পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবু নাসের।

গ্রন্থটির প্রকাশকের দায়িত্ব পালন করেন মাওলানা মোঃ কামাল হোসেন আল মাথহুরী।

অনুষ্ঠান শেষে গ্রন্থের লেখক আলহাজ্ব মৌলভী ক্বারি গিয়াস উদ্দিন দোয়া পরিচালনা করেন। এতে গ্রন্থটির কল্যাণকর প্রচার, দ্বীনের খেদমতে এর গ্রহণযোগ্যতা এবং সংশ্লিষ্ট সবার জন্য কল্যাণ কামনা করা হয়।