
পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করতে প্রায় ২ লাখ ৪৯ হাজার ৭৪৬ কোটি টাকা ব্যয়ে তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।
অনুমোদিত প্রকল্প তিনটি হলো—এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর), এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) এবং এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি)। এর মধ্যে প্রথম দুটি প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদের প্রস্তাব এবং এমআরটি লাইন-৫ সাউদার্নের নতুন প্রকল্প প্রস্তাব অনুমোদন করা হয়েছে।
জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পে সংশোধিত মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। প্রকল্পটির রুট বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত।
এ ছাড়া হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের সংশোধিত মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। এই প্রকল্পেও জাইকার অর্থায়ন রয়েছে।
অন্যদিকে, গাবতলী থেকে দাশেরকান্দি পর্যন্ত ১৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা। এর মধ্যে ১৩ দশমিক ১০ কিলোমিটার হবে পাতালপথ এবং বাকি অংশ উড়ালপথে নির্মাণের পরিকল্পনা রয়েছে। নতুন এই প্রকল্পে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়ন থাকবে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, শুরুতে একনেকের মূল এজেন্ডায় এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। পরে সমন্বিত অগ্রগতির বিষয় বিবেচনায় জাপানের অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপন করা হয়।
তিন প্রকল্প বাস্তবায়িত হলে রাজধানীর বিমানবন্দর, কমলাপুর, হেমায়েতপুর, ভাটারা, গাবতলী ও দাশেরকান্দিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার মধ্যে দ্রুত গণপরিবহন সংযোগ বিস্তৃত হবে।




