ছবি ভিডিও ভিডিও
মৌলভীবাজার

মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটিয়ে রক্তাক্ত, অভিযুক্ত সহকারী শিক্ষক বরখাস্ত

প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ | ৬:৩৬ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ভেতরে এক প্রধান শিক্ষককে মারধর করে রক্তাক্ত করার ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

গত ৪ নভেম্বর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হকের অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে। আহত প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমান উপজেলার দামিয়া আদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত। অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা যায়, দাপ্তরিক কাজে অফিসে অবস্থানকালে প্রধান শিক্ষক শহীদুল রহমানের ওপর আকস্মিক চড়াও হন জসিম উদ্দিন। এ সময় তাঁকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তিনি রক্তাক্ত ও গুরুতর আহত হন। পরে তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে রক্ষার চেষ্টা করেও হামলা ঠেকাতে পারেননি।

ঘটনার নিন্দা জানিয়ে উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা বিভাগ অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়।

এরই পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. আনিছুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর বিধি ১২(১) অনুযায়ী জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

সরকারি দপ্তরের ভেতরে একজন প্রধান শিক্ষকের ওপর এমন হামলার ঘটনায় শিক্ষক সমাজ ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি হয়েছে।