
পঞ্চখণ্ড আই ডেস্ক : মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঢুকে এক প্রধান শিক্ষককে মারধর করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী নাদিমুল হকের কক্ষে এ ঘটনা ঘটে।
আহত প্রধান শিক্ষক মিঞা মোহাম্মদ শহীদুল রহমান দামিয়া আব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত সহকারী শিক্ষক মো. জসিম উদ্দিন মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত।
অভিযোগ অনুযায়ী, শিক্ষা কর্মকর্তার কক্ষে অবস্থানকালে সহকারী শিক্ষক জসিম উদ্দিন অতর্কিতভাবে প্রধান শিক্ষক শহীদুল রহমানের ওপর হামলা চালান। এ সময় তাঁকে এলোপাতাড়ি থাপ্পড়, কিল, ঘুষি ও লাথি মারা হয়। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত ও রক্তাক্ত হন। উপস্থিত কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। পরে আহত শিক্ষককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজিব হাসান। তিনি ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সরকারি প্রশাসনিক দপ্তরে প্রবেশ করে এ ধরনের হামলা পেশাগত শিষ্টাচারবহির্ভূত এবং শিক্ষা অফিসের স্বাভাবিক কার্যক্রম ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক।
এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে সুপারিশ করা হয়েছে।
সরকারি শিক্ষা অফিসের মতো প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা পেশাগত পরিবেশ, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও প্রশাসনিক নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্নের জন্ম দেয়। অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায় প্রমাণিত হলে যথাযথ বিভাগীয় ও আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি।
-Π আতাউর রহমান




