
পঞ্চখণ্ড আই প্রতিবেদক, চারখাই (বিয়ানীবাজার) : সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে চারখাই উচ্চ বিদ্যালয়। আজ ৫ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবলুর রহমান ও চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক রাষ্ট্রদূত নাসিম ফেরদৌস চৌধুরী, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী আমিরুজ্জামান চৌধুরী দুলু, আল-হারামাইন হাসপাতালের চেয়ারম্যান অলিউর রহমান (সিআইপি), উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মৌলুদুর রহমান, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মামুনুর রশীদ মামুন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ হাকিম আহমদ। বক্তব্য দেন চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সাবেক তাঁতিবিষয়ক সম্পাদক অহিদ আহমদ তালুকদারসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও প্রধান শিক্ষক মো. আব্দুদ দাইয়ান, বাগবাড়ি এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুর রহমান মুক্তা, শেওলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল হক, সৈয়দ ফারহানাহোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহমদ চৌধুরী, শালেশ্বর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াছিন আলী, বিশিষ্ট মুরব্বি বেলায়েত আহমদ চৌধুরী, জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি ও ব্যবসায়ী সাহেদুর রহমান চৌধুরী, সিলেট জেলা জাসাস নেতা ও জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জয়নাল আবেদিন রানু, চারখাই বাজার সমিতির সাবেক সভাপতি মফিকুর রহমান হাসনু এবং চারখাই ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তদির আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সংবর্ধনার জবাবে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, শিক্ষার মানোন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা ও এলাকার মানুষের বিভিন্ন দাবি-দাওয়া সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করার আশ্বাস দেন। এ জন্য তিনি সবার সহযোগিতা ও আস্থার প্রত্যাশা ব্যক্ত করেন।
এদিকে, আজ বিকেল ৩টায় চারখাই ইউনিয়নের দেউল গ্রাম-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী চারখাই ইউনিয়নের দেউল গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আরেকটি গণসংবর্ধনায় যোগদানের কথা রয়েছে।




