
পঞ্চখণ্ড আই ডেস্ক : ঢাকার দাপ্তরিক ব্যস্ততা শেষে নির্বাচনি এলাকার মানুষের কাছে ছুটে যাওয়াকে গুরুত্ব দিচ্ছেন সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। দুই উপজেলার মানুষের সমস্যা, উন্নয়ন-প্রত্যাশা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন সরেজমিনে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজারের তিলপারা ও মাথিউরা ইউনিয়নে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটান তিনি।
শনিবারের কর্মসূচির শুরুতে মাথিউরা ইউনিয়নের দাসউরা বাজারসংলগ্ন এলাকায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন এমপি এমরান আহমদ চৌধুরী। পরে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। এ সময় সংস্কার, মেরামত ও নতুন অবকাঠামোগত উন্নয়নের প্রয়োজনীয়তা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তিনি।
এরই ধারাবাহিকতায় দাসউরা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন সংসদ সদস্য। বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার পরিবেশ ও বিদ্যমান সমস্যাগুলো সম্পর্কে তিনি শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন।
এ সময় বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট ভবনের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, খেলার মাঠে মাটি ভরাট ও দুই ক্যাম্পাসের মধ্যবর্তী রাস্তা সংস্কার এবং পুরোনো ও নষ্ট আসবাবপত্র সংস্কারের দাবি জানানো হয়।
এদিকে যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক এম এ বাতেনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দাসউরা বাজারসংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন এমরান আহমদ চৌধুরী।
দিনের কর্মসূচির আরেক পর্যায়ে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। স্থানীয় বিভিন্ন বিষয়, উন্নয়ন ও পারস্পরিক সম্প্রীতি নিয়ে তাদের সঙ্গে কথা বলেন সংসদ সদস্য।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম এ বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে দাসউরা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো: ফয়জুল ইসলাম এক বিবৃতিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের পক্ষ থেকে বিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেওয়ায় সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে।




