
সিলেট মহানগরীর শাহপরাণ (রহ.) থানাধীন ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিন (৬৫) হত্যাকাণ্ডের ঘটনায় জালাল আহমদ (৪০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যার পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ইসলামাবাদ এলাকায় ব্যবসায়ী শাহাব উদ্দিনকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের স্বার্থে আপাতত এর বেশি তথ্য জানানো হয়নি; পরে বিস্তারিত জানানো হবে।
পুলিশ ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শাহাব উদ্দিন চারখাই বাজারে ভোগ্যপণ্যের ব্যবসা করতেন এবং পরিবার নিয়ে শাহপরাণ এলাকার ইসলামাবাদে নিজ বাসায় বসবাস করতেন। রোববার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাসায় ফেরার পথে বাসার কাছাকাছি এলাকায় ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।
নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ জানান, রাতে স্থানীয় এক ব্যক্তি খবর দেন যে তার বাবাকে কারা যেন আটকে রেখেছে। ঘটনাস্থলে গিয়ে তারা শাহাব উদ্দিনকে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার ঘাড় ও গলায় কোপের চিহ্ন ছিল। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শাহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক। তার এক ছেলে ফ্রান্সে বসবাস করেন।
এদিকে, মাত্র ১১ দিনের ব্যবধানে সিলেট মহানগরীতে একাধিক হত্যাকাণ্ডের ঘটনায় নগরবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। গত ১২ আগস্ট সকালে রায়নগর মিতালি আবাসিক এলাকার ‘নিকুঞ্জ ভিলা’য় নিজ বাসায় খুন হন ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) ও গৃহপরিচারিকা তাহমিনা (২৫)। ওই ঘটনার পর এবার ব্যবসায়ী শাহাব উদ্দিন হত্যাকাণ্ডে একজন গ্রেফতার হওয়ায় তদন্তে অগ্রগতি নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।
পুলিশ জানিয়েছে, শাহাব উদ্দিন হত্যার প্রকৃত কারণ এবং ঘটনায় অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।