
পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের অপেক্ষা ও ভোগান্তি কমাতে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের পাওনা দ্রুত পরিশোধের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ২০২২ ও ২০২৩ সালে অবসর ও কল্যাণ ভাতার জন্য আবেদন করা শিক্ষক-কর্মচারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী।
রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি মো. সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অনিষ্পন্ন আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে হজযাত্রী ও দুরারোগ্য রোগে আক্রান্ত শিক্ষক-কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়। পাশাপাশি অর্থ প্রাপ্তি সাপেক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীদের পর্যায়ক্রমে অবসর ও কল্যাণ ট্রাস্টের প্রাপ্য অর্থ পরিশোধের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
কমিটির সদস্য আতিকুর রহমান মোজাহিদ জানান, বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। বিশেষ করে ২০২২ ও ২০২৩ সালে আবেদনকারীদের পাওনা দ্রুত পরিশোধের বিষয়টি গুরুত্ব পেয়েছে। প্রায় ১৩ হাজার শিক্ষক-কর্মচারী এ সিদ্ধান্তের আওতায় রয়েছেন।
তিনি আশা প্রকাশ করেন, সিদ্ধান্তটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিন ধরে অবসর ও কল্যাণ ভাতার অপেক্ষায় থাকা শিক্ষক-কর্মচারীদের আর্থিক দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।
বৈঠকে কমিটির সদস্য ও শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, মোছা. তাহসিনা রুশদীর এমপি, মো. সেলিমুজ্জামান মোল্যা এমপি, মো. জাহান্দার আলী মিয়া এমপি, বীথিকা বিনতে হোসাইন এমপি, মো. মুজিবুর রহমান এমপি এবং আতিকুর রহমান মোজাহিদ এমপি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অবসর ও কল্যাণ ভাতা এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দীর্ঘ কর্মজীবনের সঞ্চিত অধিকার। তাই এ সিদ্ধান্তের কার্যকর বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ে পাওনা পরিশোধ নিশ্চিত করা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।




