ছবি ভিডিও ভিডিও
জাতীয়

সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহীন আহমদ

প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর ২০২৬ | ৩:১৮ অপরাহ্ণ



পঞ্চখণ্ড আই ডেস্ক : বাংলাদেশ গ্রাম পুলিশ মহাসমাবেশ-২০২৬-এ সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ হিসেবে সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্য শাহীন আহমদ। ৭ নভেম্বর শনিবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে আয়োজিত মহাসমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার গ্রহণ করেন।

তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে সহযোগিতা, দ্রুত তথ্য আদান-প্রদান এবং ইউনিয়ন পরিষদ ও স্থানীয় প্রশাসনের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা প্রদান করা হয়।

মহাসমাবেশে দেশের আটটি বিভাগ থেকে নির্বাচিত আটজন শ্রেষ্ঠ গ্রাম পুলিশকে সম্মাননা প্রদান করা হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ডা. জুবাইদা রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শাহীন আহমদের এ অর্জনে বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার তাঁকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এ স্বীকৃতিকে পুরো উপজেলার জন্য অত্যন্ত গর্বের বিষয় বলে উল্লেখ করেন।

গ্রাম পুলিশদের জন্য প্রধানমন্ত্রীর নতুন ঘোষণা

মহাসমাবেশে গ্রাম পুলিশ সদস্যদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশের স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ সুযোগ-সুবিধা বৃদ্ধির ঘোষণা দেন প্রধানমন্ত্রী। ঘোষণাগুলোর মধ্যে রয়েছে—

১. সাধারণ গ্রাম পুলিশ সদস্যদের মাসিক বেতন ৭ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার ৫০০ টাকা এবং দফাদারদের বেতন ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১১ হাজার টাকা নির্ধারণ।

২. অবসরকালীন আনুতোষিক ভাতা সাধারণ সদস্যদের ৭০ হাজার থেকে বাড়িয়ে ৮০ হাজার টাকা এবং দফাদারদের ৮০ হাজার থেকে ১ লাখ টাকা করা।

৩. থানায় যাতায়াতের সাপ্তাহিক ভাতা সাধারণ সদস্যদের ৫০০ টাকা এবং দফাদারদের ৬০০ টাকা নির্ধারণ।

৪. প্রত্যেক গ্রাম পুলিশ সদস্যের জন্য মাসিক ১৫০ টাকা মোবাইল ভাতা চালু।

৫. প্রতিটি ইউনিয়নে নতুন করে দুজন নারী গ্রাম পুলিশ নিয়োগ, নারী সদস্যদের ছয় মাসের মাতৃত্বকালীন ছুটি এবং তিন থেকে সাড়ে তিন বছর পরপর বাইসাইকেল প্রদানের ঘোষণা।

গ্রাম পর্যায়ে জননিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও প্রশাসনিক কার্যক্রমে গ্রাম পুলিশের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ দীর্ঘদিন ধরে তাঁদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা ছিল সীমিত। প্রধানমন্ত্রীর ঘোষিত এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে তাঁদের আর্থিক নিরাপত্তা ও কর্মস্পৃহা বাড়বে বলে প্রত্যাশা করা যায়।