
পঞ্চখণ্ড আই ডেস্ক : দেশের সব মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ‘মাদক ও ইভটিজিং প্রতিরোধ কমিটি’ গঠনের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকাসক্তি ও ইভটিজিং প্রতিরোধ, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (৮ নভেম্বর) মাউশির এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে শিক্ষক, অভিভাবক, স্থানীয় কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কমিটি গঠনের কথা বলা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর জাতীয় নিরাপত্তাসংক্রান্ত কমিটির গত ৫ নভেম্বর অনুষ্ঠিত মাসিক সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে এ নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে আগামী তিন কার্যদিবসের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের নির্ধারিত ই-মেইল ঠিকানা ad-admin@dshe.gov.bd-এ প্রতিবেদন পাঠাতে হবে।
সংশ্লিষ্ট আঞ্চলিক পরিচালক, সব কলেজের অধ্যক্ষসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়েছে।
শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও ইভটিজিং প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত ভূমিকা নিশ্চিত করার মাধ্যমে একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।




