
২১ বছরেও সংস্কার হয়নি লাসাইতলা সড়কের অংশবিশেষ, পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ
পঞ্চখণ্ড আই ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের লাসাইতলা গেইট থেকে লাসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রায় ৩০০ মিটার সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক গ্রামের বাসিন্দা, স্কুলশিক্ষার্থী ও সাধারণ পথচারীরা। সড়কটি দ্রুত আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারের জন্য পৌর প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এ সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে অসংখ্য গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। বর্ষায় গর্তে পানি জমে চলাচল কঠিন হয়ে পড়ে। প্রায়ই যানবাহন গর্তে পড়ে দুর্ঘটনা ঘটছে। লাসাইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি রাঙ্গাউটি, দক্ষিণ ফতেহপুর (দাসগ্রাম) ও লাসাইতলার বাসিন্দারা এ সড়ক ব্যবহার করেন।
সড়কটি সংস্কারের দাবিতে লাসাইতলা প্রবাসী জনকল্যাণ সমিতির সভাপতি আব্দুল হান্নান বিয়ানীবাজার পৌরসভার প্রশাসকের কাছে এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আয়াত উল্লাহ উপজেলা নির্বাহী অফিসারের কাছে পৃথক আবেদন করেছেন। তাঁদের দাবি, দীর্ঘ প্রায় ২১ বছরেও সড়কটির প্রয়োজনীয় সংস্কার হয়নি। বিভিন্ন সময়ে আবেদন করা হলেও কার্যকর উদ্যোগ দৃশ্যমান হয়নি। সম্প্রতি দরপত্রে উন্নয়নকাজ অন্তর্ভুক্তির আশায় এলাকাবাসী আশাবাদী হলেও চূড়ান্ত দরপত্রে সড়কটি বাদ পড়েছে বলে তাঁদের অভিযোগ।
এলাকাবাসীর দাবি, বড় কোনো প্রকল্পের অপেক্ষায় না রেখে জনদুর্ভোগ লাঘবে অন্তত ৩০০ মিটার সড়ক জরুরি ভিত্তিতে আরসিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ করা হোক।
জনস্বার্থে বিয়ানীবাজার পৌর প্রশাসকের কাছে এলাকাবাসীর জোর দাবি—সড়কটির বেহাল দশা সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের কার্যকর উদ্যোগ নেওয়া হোক।




