Eng
বিয়ানীবাজার - গোলাপগঞ্জ

শেওলা ইউনিয়নের ঘড়ুয়া ভোটকেন্দ্র পুনর্বহালের দাবিতে গণশুনানির দাবি এলাকাবাসীর

প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | ২:৫৭ পূর্বাহ্ণ



বিশেষ প্রতিনিধি:

সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৪ নম্বর শেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র পুনর্বহালের দাবি জানিয়েছেন এলাকাবাসী। কেন্দ্রটি কোনা শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের উদ্যোগের প্রতিবাদ জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব বরাবর আবেদন করেছেন তারা।

আবেদনে বলা হয়, ১৯৭১ সালের পর থেকে ঘড়ুয়া কেন্দ্রে চারাবই, দাউদপুর, ঘড়ুয়া ও কোনা শালেশ্বর গ্রামের মানুষ ভোট দিয়ে আসছেন। বর্তমানে সংশ্লিষ্ট তিন গ্রামে মোট ভোটার ২ হাজার ৬৯৭ জন। ঘড়ুয়া বিদ্যালয়ে সাতটি কক্ষ রয়েছে এবং এটি উঁচু ও খোলামেলা জায়গায় অবস্থিত হওয়ায় ভোটগ্রহণের জন্য উপযোগী। বন্যার সময় বিদ্যালয়টি স্থানীয়দের আশ্রয়কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়।

আবেদনকারীদের অভিযোগ, ১৯ আগস্ট ২০২৬ তারিখে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ফখরুল ইসলাম প্যানেল চেয়ারম্যানের পদ ও সিল ব্যবহার করে ঘড়ুয়া ভোটকেন্দ্রটি কোনা শালেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তরের আবেদন করেন। এ বিষয়ে স্থানীয় ভোটার ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করা হয়নি বলেও তারা দাবি করেন।

অন্যদিকে, কোনা শালেশ্বর বিদ্যালয়টি নদীর পাশে হওয়ায় নদীভাঙনের ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেছেন আবেদনকারীরা।

শেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুর উদ্দিন বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আমাকে না জানিয়ে প্যানেল চেয়ারম্যানের পদ ব্যবহার করা হয়েছে।”

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল জানান, চেয়ারম্যান নেই মনে করে প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরযুক্ত কাগজের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

এলাকাবাসী কেন্দ্র স্থানান্তরের আগে সরেজমিন পরিদর্শন, ভোটারদের মতামত গ্রহণ ও গণশুনানির দাবি জানিয়েছেন। পাশাপাশি জাতীয় ও স্থানীয় সব নির্বাচনে ঘড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে বহাল রাখার আবেদন করেছেন।