Eng
শিক্ষার খবর

বিয়ানীবাজারে তহিরুন্নেছা চৌধুরী একাডেমিতে শিক্ষার্থীদের জন্য ৯টি কম্পিউটার প্রদান

প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | ৯:৫৩ অপরাহ্ণ



শিক্ষার্থীদের আধুনিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় এগিয়ে নেওয়ার লক্ষ্যে তহিরুন্নেছা চৌধুরী একাডেমিতে ৯টি কম্পিউটার প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর ২০২৬) আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক জনাব সুমন আহমদ চৌধুরীর অর্থায়নে এসব কম্পিউটার বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যবহারের জন্য প্রদান করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইয়ুব সুফিয়া ফাউন্ডেশন ও পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরুল হক কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা আলহাজ্ব সুহেল আহমদ চৌধুরী। অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে বিশেষ সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।

আলহাজ্ব সুহেল আহমদ চৌধুরী দীর্ঘদিন ধরে শিক্ষা, সমাজকল্যাণ, মানবিক সহায়তা এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। বদরুল হক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তিনি শিক্ষা ও মানবিক সহায়তামূলক বিভিন্ন উদ্যোগে ভূমিকা রেখে আসছেন।

অনুষ্ঠানে পরিবারের পক্ষ থেকে আব্দুল আহাদ চৌধুরী ও জুমাইন চৌধুরী হিমেল উপস্থিত ছিলেন।

আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে তাদের আরও সম্পৃক্ত করার লক্ষ্যেই কম্পিউটারগুলো প্রদান করা হয়েছে। এসব কম্পিউটার শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি বিষয়ে ব্যবহারিক জ্ঞান অর্জন এবং ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য প্রস্তুত হতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার আবুল কালাম চৌধুরী বলেন, “শিক্ষায় বিনিয়োগ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। প্রযুক্তিনির্ভর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন।”

তিনি জানান, আইয়ুব সুফিয়া ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, মানবিক সহায়তা, এলাকার আর্থ-সামাজিক উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে তহিরুন্নেছা চৌধুরী একাডেমির শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তি