
পঞ্চখণ্ড আই অনলাইন ডেস্ক : সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে আগামী ২০২৭ সালের ২৯ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্ত অনুযায়ী, পাঁচ ধাপে দেশের চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনার অংশ হিসেবে বিয়ানীবাজারকে তৃতীয় ধাপে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, প্রথমে বিয়ানীবাজারের ইউনিয়ন পরিষদ নির্বাচন চতুর্থ ধাপে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের হালনাগাদ সিদ্ধান্তে তা তৃতীয় ধাপে এগিয়ে আনা হয়েছে।
নির্বাচনের আওতাভুক্ত ইউনিয়নগুলো হলো— আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, কুড়ারবাজার, মাথিউরা, তিলপাড়া, মুল্লাপুর, মুড়িয়া ও লাউতা।
বিয়ানীবাজার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আহসান ইকবাল বিষয়টি নিশ্চিত করে জানান, নির্বাচন কমিশন ঘোষিত সূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। চতুর্থ ধাপের পরিবর্তে তৃতীয় ধাপে আগামী ২৯ এপ্রিল বিয়ানীবাজার উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, একই দিনে পার্শ্ববর্তী গোলাপগঞ্জ উপজেলাতেও ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটগ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু হবে। পাঁচ ধাপে পর্যায়ক্রমে চার হাজারের বেশি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচনের ৪০ থেকে ৪৫ দিন আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তারা নির্বাচনি তফসিল ঘোষণা করবেন বলে জানা গেছে।
বিয়ানীবাজারের ১০টি ইউনিয়নে একই দিনে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে স্থানীয় পর্যায়ে সম্ভাব্য প্রার্থী ও ভোটারদের মধ্যে নির্বাচনি আলোচনা ও প্রস্তুতি শুরু হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।




